পল্লবীতে ছুরিকাঘাতে মাছের পোনা ব্যবসায়ী নিহত
রাজধানীর মিরপুরের পল্লবীতে বুধবার সকালে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে এক মাছের পোনা ব্যবসায়ী নিহত হয়েছেন।
সূত্র জানায়, নিহত মোহাম্মদ মিন্টু ওরফে শাওন (২৮) মাদারিপুর জেলার শিবচর উপজেলার হুমায়ূন মাতাব্বরের পুত্র। টাকা পয়সা নিয়ে বিরোধের জের ধরে তাকে হত্যা করা হয়েছে বলে পুলিশ ও নিহতের পারিবারের ধারণা।
নিহতের বড় ভাই পিটার জানান, জাকির এবং কালামসহ তিন সন্ত্রাসী মিন্টুকে মঙ্গলবার রাত ১১টার দিকে ঘর থেকে ডেকে নিয়ে যায়। পরে তাকে উপর্যুপরি ছরিকাঘাত করে বনশ্রী হাউজিং কমপ্লেক্সের সি ব্লকের একটি বাড়িতে ফেলে রাখে।
খবর পেয়ে শাওনের পরিবার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
পল্লবী থানা পুলিশ জানায়, এ হত্যাকান্ডের সাথে জড়িত সন্দেহে কালাম ও তার স্ত্রী এবং জাকির নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা এই ঘটনার সাথে নিজেদের সম্পৃক্ততা অস্বীকার করেছে।
