বিডিআর'কে সীমান্তে সর্বোচ্চ সংযম প্রদর্শনে পররাষ্ট্র মন্ত্রীর নির্দেশ
সীমান্তে শান্তিপূর্ণ অবস্থা বজায় রাখতে পররাষ্ট্রমন্ত্রী এম মোর্শেদ খান বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) সদস্যদের সর্বোচ্চ সংযম প্রদর্শনের নির্দেশ দিয়েছেন।
আখাউড়াতে সাম্প্রতিক সময়ে সংঘটিত সীমান্ত সংঘর্ষের ঘটনাকে দুঃখজনক বলে অভিহিত করে তিনি বলেন ঢাকা ও নতুন দিল্লির মধ্যে কূটনৈতিক পর্যায়ে আলোচনার মাধ্যমে অনাকাঙ্খিত সীমান্ত উত্তেজনা প্রশমন করা যায়।
বুধবার তার কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে মোর্শেদ খান জানান, আইন শৃংখলা বাহিনীর সাথে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি বিডিআর’র সদস্যদের সীমান্তে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার ব্যাপারে সতর্ক থাকতে নির্দেশ দিয়েছেন। এ ধরনের সীমান্ত উত্তেজনা আর দেখা যাবে না বলে তিনি মন্তব্য করেন।
আখাউড়া সীমান্তে বিডিআর ও বিএসএফ’র সংঘর্ষের ঘটনা তদন্তে বাংলাদেশ ও ভারত পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করেছে বলে তিনি জানান। ওই সংঘর্ষে একজন বাংলাদেশি বালিকা ও বিএসএফ’র এক সহকারি কমান্ডার নিহত হয়।
এদিকে, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীকে মঙ্গলবার ফোন করে ওই সংঘর্ষের ঘটনায় এসিস্ট্যান্ট কমান্ডেন্ট জীবন কুমার নিহত হওয়ায় দুঃখ প্রকাশ করেন।
ভারতীয় দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরকে উদ্ধৃত করে উল্লেখ করা হয়, “এ ঘটনার সাথে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ওই সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বিডিআর’র মহাপরিচালক জাহাঙ্গীর আলম বিএসএফ’র মহাপরিচালককে ফোন করেন এবং সীমান্তে উত্তেজনা কমিয়ে আনার ব্যাপারে প্রতিশ্র“তি দেন। বিএসএফ’র মহাপরিচালকও বিডিআর’র মহাপরিচালককে সংযম প্রদর্শনের দাবি জানান।
সোমবার বাংলাদেশে ভারতের হাই কমিশনার বীনা সিক্রী ভারপ্রাপ্ত সারোয়ার হোসেন মোল্লার সাথে দেখা করে ওই ঘটনার ব্যাপারে ভারতীয় সরকারের তীব্র নিন্দার কথা জানান।
অন্যদিকে ভারতে বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেনকে ভারতের পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নীলাম দাও ডেকে পাঠান এবং আখাউড়া সীমান্তে সংঘর্ষের ঘটনায় গভীর উদ্বেগ ও দুঃখ প্রকাশ করেন।
