মায়ানমারে পাচারকালে ৫০ লাখ টাকার ইউরিয়া আটক
সেন্টমার্টিন এলাকা থেকে বুধবার বিকালে মায়ানমারে পাচারকালে নৌবাহিনী ১৪ হাজার বস্তা ইউরিয়া সার আটক করেছে।
নৌবাহিনী সূত্র জানায়, বুধবার বিকেলে সেন্টমার্টিন এলাকা থেকে ৩ টি ট্রলারে করে পাচার হওয়ার সময় প্রায় ৫০ লাখ টাকা মূল্যের সার আটক করা হয়। সেসাথে ট্রলার তিনটির ৩১ জন মাঝি-মাল্লাকেও আটক করা হয়েছে। নৌবাহিনী আটককৃত সার, মাঝি ও ট্রলার গতকাল রাতে পতেঙ্গা থানায় হস্তান্তর করেছে।
পতেঙ্গা থানা সূত্র জানায়, চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার কারখানা (সিইউএফএল) থেকে এ সার মায়ানমারে নিয়ে যাওয়া হচ্ছিল। আটককৃত মাঝি-মাল্লাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ইতোমধ্যে তারা পাচারের বিষয়টি স্বীকার করেছে।
আটককৃতদের টেকনাফ থানায় ৫৪ ধারায় চালান দেওয়া হবে বলে সিএমপির এসি (ডিবি) গাজী জসিম উদ্দিন বিডিনিউজকে জানান।
