২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রেড এ্যাক্ট ২০০৫ : লবি চালাতে বিজিএমইএ যুক্তরাষ্ট্র যাচ্ছে

যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোষাকের শুল্কমুক্ত রপ্তানি সুবিধা আদায়ে লবি করতে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন বাণিজ্যিক প্রতিনিধি দল আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রর সফরে যাচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2005, 06:00 PM

Updated : 26 Apr 2022, 05:34 PM

সূত্র জানায়, ড. মোহাম্মদ ইউনুস যুক্তরাষ্ট্রে ওই দলের সাথে যোগ দিবেন এবং তারা একত্রে শুল্কমুক্ত রপ্তানি সুবিধা আদায়ে তৎপরতা চালাবেন।

যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশ করতে বাংলাদেশের তৈরি পোষাককে বর্তমানে ১৬ থেকে ৪২ শতাংশ শুল্ক দিতে হচ্ছে।

বাংলাদেশ তৈরি পোষাক প্রস্তুত এবং রপ্তানিকারক সমিতির সভাপতি আনিসুল হক বাণিজ্য দলের নেতৃত্ব দেবেন। তারা এপ্রিলের ২৭ ও ২৮ তারিখে নিউ ইয়র্ক ও ওয়াশিংটন সফর করবেন।

চার অথবা পাঁচ সদস্যের বিজিএমইএ বাণিজ্য প্রতিনিধি দলের সফরের উদ্দেশ্য হচ্ছে ট্রেড এ্যাক্ট ২০০৫ পাশ করানোর লক্ষ্যে লবি চালানো। গত ফেব্রুয়ারি মাসে ট্রেড এ্যাক্ট ২০০৫ মার্কিন কংগ্রেসে উত্থাপিত হয়েছিল। এখনও তা পাস হয়নি।

ট্রেড এ্যাক্ট ২০০৫ মূলতঃ যুক্তরাষ্ট্রের বাজারে পণ্যের শুল্ক মুক্ত প্রবেশাধিকার সংক্রান্ত একটি আইন ।

বাংলাদেশ এ বিলটি পাসের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।

ট্রেড এ্যাক্ট ২০০৫ পাস হলে বাংলাদেশ ছাড়াও আফগানিস্তান, ভুটান, কম্বোডিয়া, কিরিবাতি, লাওস, মালদ্বিপ, নেপাল, সামোয়া, সলোমন দ্বীপ, পূর্ব তিমুর, টোভালু, ভানুয়াতু, ইয়েমেন এবং শ্রীলংকা লাভবান হবে।

সফরে বিজিএমইএ যুক্তরাষ্ট্রের সিনেটর, কংগ্রেস সদস্য এবং প্রভাবশালী মহলের সাথে বিভিন্ন বৈঠক করবে। বৈঠকসমূহের মূল উদ্দেশ্য থাকবে বাংলাদেশের তৈরি পোষাক সম্পর্কে ইতিবাচক ধারণা দেওয়া।

সফরে বিজিএমইএ বিভিন্ন সভা ও সেমিনারে অংশগ্রহণ করবে।

বিজিএমইএ সভাপতি আনিসুল হক বলেন, তারা কংগ্রেস সদস্য কোলবি’র সাথে একটি প্রাতরাশ বৈঠকে মিলিত হবেন। কোলবি প্রথম ট্রেড এ্যাক্ট বিলটি মার্কিণ কংগ্রেসে উত্থাপন করেন।

সফরকালে তারা সাবেক ফার্ষ্টলেডি হিলারি ক্লিনটনের সাথেও বৈঠক করবেন।

ওয়াশিংটনে বিজিএমইএ বিলটির সুবিধাভোগী দেশসমূহের রাষ্ট্রদূতদের নিয়ে এপ্রিলের ২৮ তারিখে নৈশভোজে মিলিত হবেন।

সাভারে স্পেকট্রাম সোয়েটার ইণ্ডাষ্ট্রিতে ভয়াবহ বিপর্যয়ের পর বিশ্লেষকরা বিজিএমইএ’র এই সফরকে সময়োপযোগী বলে মনে করছেন। আনিসুল হক জানান, তারা যুক্তরাষ্ট্রের শ্রমিক সংগঠন এএফএল সিআইও’র সাথেও বৈঠকে বসবেন। বৈঠকের উদ্দেশ্য হবে দেশের শ্রমিকদের কাজের পরিবেশ সম্পর্কে ইতিবাচক ধারনা দেওয়া।

সম্প্রতি চীনের তৈরি পোষাকের ওপর যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞার প্রক্রিয়া শুরু হওয়ার সাথে সাথে বিজিএমইএ’র এই সফর দেশের তৈরি পোষাক রপ্তানি বাড়িয়ে দিতে পারে।

বিজিএমইএ ওয়াশিংটনে সিনেট অফিসের স্টাফদের নিয়েও একটি বৈঠক করবে।

তৈরি পোষাক রপ্তানি করে ২০০৩-০৪ সালে বাংলাদেশ আয় করেছিল ৫ হাজার ৬৮৬ দশমিক ০৯ মিলিয়ন ডলার। আগের বছর এ খাত থেকে রপ্তানি আয় ছিল ৪ হাজার ৯১২ দশমিক ০৯ মিলিয়ন ডলার।