প্যাকিংয়ে চটের বস্তার ব্যবহার বাধ্যতামূলক করে আইন প্রনয়ন করা হবে : বস্ত্র ও পাট মন্ত্রী
বস্ত্র ও পাট মন্ত্রী শাজাহান সিরাজ বলেছেন, খাদ্য দ্রব্য, সার সিমেন্টসহ বিভিন্ন দ্রব্য সামগ্রী প্যাকিং ও বাজারজাতকরণে চটের বস্তার ব্যবহার বাধ্যতামূলক করে আইন প্রণয়ন করা হবে।
মন্ত্রী বৃহস্পতিবার ঢাকায় মন্ত্রণালয়ের সভাকক্ষে খাদ্য দ্রব্য, সিমেন্ট, সার, চিনিসহ বিভিন্ন সামগ্রী বাজারজাতকরণে চটের বস্তার ব্যবহার সংক্রান্ত এক আন্তঃমন্ত্রণালয় সভায় একথা বলেন। খবর তথ্য বিবরণীর।
সভায় মন্ত্রী আরও বলেন, বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থায় বিভিন্ন দ্রব্য সামগ্রী প্যাকিংয়ে দেশে যে পরিমাণ প্যাকিং দ্রব্যাদির প্রয়োজন তা চটের তৈরি ব্যাগে করা হলে বাংলাদেশের সকল পাটকলগুলো সারা বছর চলবে এবং এর সাথে সংশ্লিষ্ট কৃষক ও শ্রমিকের কর্মসংস্থান হবে।
বস্ত্র ও পাট মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়, বাংলাদেশ পাটকল কর্পোরেশনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
জনাব সিরাজ বলেন, বিশ্বব্যাপী পরিবেশ সংরক্ষণে পলিথিন, পলিপ্রোপাইলিনসহ সকল কৃত্রিম তন্তুুর বিরুদ্ধে জনমত সৃষ্টি হচ্ছে। বস্তা তৈরির কাঁচামাল পাট বাংলাদেশে সহজলভ্য হলেও প্রতিবছর পলিথিন আমদানিতে দেশের শত শত কোটি টাকা ব্যয় হচ্ছে। চটের বস্তা ব্যবহার বাধ্যতামূলক করে এ ব্যয় সাশ্রয় করা যায়।
বাংলাদেশের পাট শিল্পের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় তিন কোটি মানুষ জড়িত রয়েছে বলে সভায় জানানো হয়।
