২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার লাভে বাংলাদেশ সর্বাত্মক চেষ্টা চালাবে

যুক্তরাষ্ট্রের বাজারে তৈরিপোশাকের শুল্কমুক্ত প্রবেশাধিকার পাওয়ার জন্য বাংলাদেশ সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবে। বিজেএমইএ’র একজন উর্ধ্বতন কর্মকর্তা বুধবার এ কথা জানান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2005, 08:35 PM

Updated : 26 Apr 2022, 05:30 PM

এ প্রচেষ্টার অংশ হিসেবে ট্রেড এ্যাক্ট ২০০৫’র সুবিধাভোগী ১৫টি দেশের অংশগ্রহণে ঢাকায় একটি তিনদিন ব্যাপী আর্ন্তজাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে যুক্তরাষ্ট্রের বাজারে তৈরিপোশাকের শুল্কমুক্ত প্রবেশাধিকার সংক্রান্ত কৌশল গ্রহণ করা হবে।

বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফেকচারিং এন্ড এক্সপোর্টার্স এসোসিয়েশন (বিজেএমইএ) ৯ থেকে ১১ মে ঢাকায় এ আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করবে।

ট্যারিফ রিলিফ এসিসটেন্স ফর ডেভেলপিং ইকোনমিকস (ট্রেড) এ্যাক্ট-২০০৫’র আওতায় শুল্কমুক্ত সুবিধা পাওয়ার জন্য স্থানীয় তৈরিপোশাক রফতানিকারকরা জানান, তারা ইতোমধ্যে সুবিধাভোগী ওই ১৫টি দেশের ঢাকার মিশনগুলোতে লবিং করতে শুরু করেছে।

ট্রেড এ্যাক্ট-২০০৫’র অধীনে বাংলাদেশ ছাড়াও আফগানিস্তান, ভুটান, কম্বোডিয়া, কিরিবাতি, গণপ্রজাতান্ত্রিক লাও, মালদ্বীপ, নেপাল, স্যামোয়া, সলোমন দ্বীপপুঞ্জ, পূর্ব তিমুর, টুভালু, ভানুয়াটি ও ইয়েমেন যুক্তরাষ্ট্রের বাজারে শুল্কমুক্ত সুবিধা পাবে। ওই আইনে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট শ্রীলংকাকেও এই আইনের একটি সুবিধাভোগী দেশ হিসেবে অর্ন্তভুক্ত করতে পারেন। বাংলাদেশসহ ১৪টি স্বল্পোন্নত দেশ যুক্তরাষ্ট্রের কংগ্রেসে পেশকৃত ট্রেড এ্যাক্ট-২০০৫ বিলটি পাশের অপেক্ষায় রয়েছে।

বিজেএমইএ’র প্রেসিডেন্ট আনিসুল হক বলেন, আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেওয়ার ব্যাপারে ইতোমধ্যে আফগানিস্তান, শ্রীলংকা, কম্বোডিয়া ও নেপাল আমাদের সবুজ সংকেত পাঠিয়েছে। তিনি আরও ইঙ্গিত দেন, বিজেএমইএ সামনে দুটি আর্ন্তজাতিক সম্মেলন করার প্রস্তুতি নিচ্ছে। এর মধ্যে একটি সম্মেলনে ট্রেড-২০০৫ এ্যাক্টের সুবিধাভোগী দেশগুলোর বাণিজ্য মন্ত্রিগণ অংশ নেবেন। এরপর স্থানীয় তৈরিপোশাক শিল্পের বর্তমান অবস্থা তুলে ধরতে যুক্তরাষ্ট্রের সিনেটরদের বাংলাদেশে আনবে বিজেএমইএ। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানিজাত পণ্যের পরিমান মাত্র দুই শতাংশ। সেখানে বাংলাদেশের তৈরিপোশাক রফতানি করতে ১৬ থেকে ৪২ শতাংশ শুল্ক প্রদান করতে হয়।

এদিকে ওয়াশিংটনের একটি প্রতিবেদনে জানা গেছে, কংগ্রেস সদস্য জোসেফ ক্রাউলি যুক্তরাষ্ট্রে বাংলাদেশের দূতাবাসে সুবিধাভোগী দেশগুলোর প্রতিনিধিদের নিয়ে একটি সভা আয়োজন করতে পারেন। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রফতানি আয় ২০০২-০৩ অর্থ বছরের ৪,৯১২ দশমিক ০৯ মিলিয়ন মার্কিন ডলার থেকে বেড়ে ৫৬৮৬ দশমিক ০৯ মিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়।