বাংলাদেশের দেওয়ানী বিচার ব্যবস্থা সেকেলে : ব্রিটিশ বিচারপতি
বাংলাদেশে দেওয়ানী বিচার ব্যবস্থাকে ‘সেকেলে’ উল্লেখ করে সফররত ব্রিটিশ বিচারক ডেম এলিজাবেথ বাটলার স্লস বুধবার বলেন, দেওয়ানী আইনের সংস্কার এবং ঝুলে থাকা মামলাগুলোর দ্রুত নিস্পত্তি প্রয়োজন।
এলিজাবেথ বলেন,“আমি আইন মন্ত্রীর সাথে সাক্ষাত করেছি এবং মন্ত্রী নিজেও স্বীকার করেছেন বর্তমান দেওয়ানী বিচার ব্যবস্থা পুরনো। মামলার দ্রুত নিস্পত্তিতে এর সংস্কার প্রয়োজন। এছাড়াও এর পুর্নমূল্যায়ন ও আধুনিকায়ন প্রয়োজন।”
বাংলাদেশের বিচার ব্যবস্থার সাথে সহযোগিতা, বিচারকদের সাথে যোগাযোগ, বিচার বিভাগীয় চুক্তি, বাংলাদেশ ও যুক্তরাজ্যের বিচার বিভাগের মধ্যে পরস্পর উন্নত যোগাযোগ স্থাপন, বাংলাদেশের বিচার ব্যবস্থায় শিশু অপহরণ ইস্যু নিয়ে সৃষ্ট উদ্বেগ এবং এক্ষেত্রে কর্মরত সমমনা এনজিও ও সলিসিটরদের মধ্যে উন্নত নেটওয়ার্ক গড়ে তোলার সুযোগ খতিয়ে দেখতে এলিজাবেথ ছয় দিনের সফরে বর্তমানে বাংলাদেশে রয়েছেন।
নগরীর একটি হোটেলে শিশু অপহরণ ইস্যু নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তৃতাকালে তিনি বলেন, যুক্তরাজ্য সরকার দু দেশের বিচার ব্যবস্থার মধ্যে দৃঢ় সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী। এতে আরও ভালোভাবে শিশু অপহরণ মামলাগুলো পরিচালনা করা যাবে বলে তিনি মন্তব্য করেন।
অভিভাবকদের দ্বারা শিশু অপহরণ এবং তাদেরকে বাংলাদেশে অথবা ইংল্যাণ্ডে লুকিয়ে রাখার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন গত বছর ২০ জন শিশুকে অপহরণ করে ইংল্যাণ্ড থেকে বাংলাদেশে আনা হয়। একে তিনি ‘টিপ অব দ্য আইসবার্গ অব দ্য প্রবলেম’ হিসেবে চিহ্নিত করেছেন।
যুক্তরাজ্যে ফ্যামিলি ডিভিশন কোর্টের প্রেসিডেন্ট এলিজাবেথ বলেন, বাংলাদেশ এবং ইংল্যাণ্ডের পরিবার সংক্রান্ত মামলা এবং আবেদন আইন প্রায় একই। তাই এক্ষেত্রে দু দেশের বিচারকদের মধ্যে অভিজ্ঞতা বিনিময় করার সুযোগ রয়েছে বলে তিনি জানান।
সংবাদ সম্মেলনে প্রধান বিচারপতির সমমর্যাদার ব্রিটিশ বিচারপতি এলিজাবেথ বলেন, ইংল্যাণ্ডের বিচারকদের সাথে মতামত আদানপ্রদানের জন্য বাংলাদেশের বিচারকদের একটি দলকে ইংল্যাণ্ডে আমন্ত্রণ জানানোর ব্যাপারে তার সরকারকে প্রস্তাব দিবেন।
সম্মেলনে অন্যান্যের মধ্যে ফরেন এণ্ড কমনওয়েলথ অফিসের শিশু অপহরণ দপ্তরের প্রধান টনি ক্লেমসন, ব্রিটিশ হাইকমিশনের কর্মকর্তা ক্লেয়ার শ এবং মিলি সেন গুপ্তা উপস্থিত ছিলেন।
