সুনামির হুশিয়ারি সত্ত্বেও বাংলাদেশ ছিল নির্বিকার
সুনামির হুশিয়ারি থাকা সত্ত্বেও সোমবার রাতে বাংলাদেশ প্রশাসন ছিল নির্বিকার। যুক্তরাষ্ট্র থেকে পাঠানো হুশিয়ারিতে সুমাত্রা ভূমিকম্পের উৎপত্তিস্থলের ১,০০০ কিলোমিটারের মধ্যে অবস্থিত দেশগুলোতে সুনামির প্রভাব পড়তে পারে বলে উপকূলীয় লোকজনকে সরিয়ে ফেলার পরামর্শ দেওয়া হয়।
সুনামির সম্ভাবনা থাকা সত্ত্বেও বাংলাদেশের প্রশাসন থেকে উপকূলীয় অঞ্চলের লোকজনকে সতর্ক রাখার কোন ব্যবস্থা নেওয়া হয়নি। ভূমিকম্পের উৎপত্তিস্থল চট্টগ্রাম থেকে মাত্র ৪২৮ কিলোমিটার দূরে অবস্থিত ছিল।
আন্তর্জাতিক গনমাধ্যমগুলোতে সুনামি হুশিয়ারি ও ভূমিকম্পের সংবাদ পাওয়ার পর বিডিনিউজের প্রতিবেদকেরা উপকূলীয় বিভ্ন্নি জেলার জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তাদের কাউকেই পাওয়া যায়নি। হয় তাদের অফিসের কর্মকর্তারা না হয় পরিবারের অন্যান্য সদস্যরা একই উত্তর দিয়েছে যে তারা ঘুমাতে গেছেন।
বিডিনিউজের ঢাকা অফিস থেকে ফোন করা হলে পটুয়াখালি ডিসি প্রশান্ত ভূষণ বড়–য়ার বাসায় মনির হোসেন নামে এক কর্মচারি নিজেকে পরিচয় দিয়ে বলেন, “আমরা সুনামি কিংবা ভূমিকম্প সম্পর্কে কিছুই জানিনা, স্যার ঘুমাতে গেছেন ।”
আর খুলনার ডিসির স্ত্রী ফোন ধরে ডিসি ঘুমাচ্ছেন বলে ফোন কেটে দেন। খুলনার পুলিশ সুপারের বাসায় কেউ ফোন ধরছে না তা জানতে চাইলে তার অফিসের এক কর্মচারি জানায়, পুলিশ সুপার অসুস্থ। তিনি সুনামির হুশিয়ারির প্রেক্ষাপটে উপকূলীয় লোকজনদের সরিয়ে নেবার কোন পদক্ষেপ গ্রহণের বিষয়ে তার অজ্ঞতা ব্যক্ত করেন।
অন্যদিকে নোয়াখালি, ফেনী, ভোলা, বাগেরহাট, সাতক্ষীরা ও কক্সবাজারের ডিসি ও পুলিশ সুপারের বাসায় ও কার্যালয়ে বারবার ফোন করা হলেও কেউ ফোন ধরেননি ।
ভোলার নুরুল আমিন বলেন, “চিন্তা করে দেখুন এরকম দায়িত্বহীন সরকারি কর্মকর্তাদের কারণে আমরা কতটা ঝুঁকির মুখে। আল্লাহ’র অসীম রহমত যে কোন কিছু ঘটেনি, যদি কোন খারাপ কিছু ঘটতো তাহলে ওইসব সরকারি কর্মকর্তারাও আক্রান্ত হতে পারতেন।”
হুশিয়ারিটি প্রচারের পর ভূমিকম্পের উৎপত্তিস্থলের হাজার মাইল দক্ষিণ-পশ্চিমে অবস্থিত মরিশাস ও মাদাগাসকারে সতর্ক অবস্থা জারি করা হলেও বাংলাদেশে প্রশাসন কোন কার্যকরী ব্যবস্থা গ্রহণ করেনি।
দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে কয়েকদিন আগে বিভিন্ন জেলার ডেপুটি কমিশনারদের কাছে পাঠানো নোটিশও তাদের কোন কিছু করতে উৎসাহ যোগায়নি । উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের আশংকা থাকলে কি কি ব্যবস্থা গ্রহন করতে হবে তা নোটিশে উল্লেখ করা হয়েছিল।
ভূমিকম্প ও সুনামির পূর্বাভাস পাওয়ার পর জাপান সোমবার রাতেই বিভিন্ন দেশে সতর্ক বার্তা পাঠায়।
সুমাত্রা উপকূলে সংঘটিত ভূমিকম্পের ২০ মিনিট পর যুক্তরাষ্ট্রের আলাস্কা ও হাওয়াইতে অবস্থিত সুনামি সতর্ক কেন্দ্র থেকে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে হুশিয়ারি পাঠানো হয়।
ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, মায়ানমার, বাংলাদেশ, ভারত, সিঙ্গাপুর, শ্রীলংকা, মালদ্বীপ ও মরিশাসে সুনামির হুশিয়ারি পাঠানো হয়। পরবর্তীতে সুনামি আঘাত না হানায় হুশিয়ারিটি প্রত্যাহার করা হয়।
ইউএস জিওলজিকাল সার্ভের পরিমাপ অনুযায়ী রিক্টর স্কেলে সোমবারের ভূমিকম্পটি ছিল ৮.৭ মাত্রার। সমুদ্রের তলে ১৯ মাইল গভীরে ভূমিকম্পটি সংঘটিত হয়। আর এটি সংঘটিত হয় ২০০৪ সালের ২৬ ডিসেম্বরের ভূমিকম্পের উৎপত্তিস্থলের ১১০ মাইল দক্ষিণ-পূর্বে। সে সময় সুনামির আঘাতে ২ লাখ ৭০ হাজার মানুষ মারা যায়।
