২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০০ বছর পর পাহাড়ে ভূমি কর বাড়ছে

পার্বত্য চট্টগ্রামে দীর্ঘ ১০০ বছর পর এই প্রথমবারের মতো ভূমি কর বাড়ছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় শিগগিরই স্থানীয় জনপ্রতিনিধিদের কাছ থেকে গ্রাম পর্যায়ের মতামত সংগ্রহ করে আঞ্চলিক পরিষদের মাধ্যমে জমির খাজনা বাড়াবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2005, 05:20 PM

Updated : 26 Apr 2022, 05:29 PM

সোমবার আঞ্চলিক পরিষদ ও পার্বত্য জেলা পরিষদ প্রতিনিধিদের সঙ্গে মন্ত্রণালয়ের এক মতবিনিময় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান। এতে অংশগ্রহণ করেন আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা, পরিষদ সদস্য গৌতম চাকমা, রূপায়ন দেওয়ান, রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ড. মানিক লাল দেওয়ান এবং খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান নক্ষত্র লাল দেব বর্মন।

সভা শেষে সাবেক গেরিলা নেতা সন্তু লারমা বিডিনিউজকে বলেন, পাহাড়ের উন্নয়নের সার্বিক বিষয়ে আমরা মতবিনিময় করেছি। অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে।

তিনি জানান, দ্বিপক্ষীয় আলোচনায় আঞ্চলিক পরিষদ ও জেলা পরিষদ আইন কার্যকর করা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের কার্যপ্রণালী বিধি প্রণয়নসহ শান্তিচুক্তি বাস্তবায়নের নানা দিক প্রাধান্য পায়।

উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান বিডিনিউজকে বলেন, আঞ্চলিক পরিষদ, জেলা পরিষদ ও জেলা প্রশাসন এক সঙ্গে কাজ করতে গিয়ে অনেক সময়ই নানান বিষয়ে মত পার্থক্য দেখা যায়। এ সব মত বিরোধ দূর করে কাজের সমন্বয় সাধন করার জন্যই মত বিনিময় সভার আয়োজন করা হয়।

তিনি জানান, সভায় পার্বত্যাঞ্চলের ভূমির খাজনা বৃদ্ধি সংক্রান্ত ড. মানিক লাল দেওয়ানের প্রস্তাবটিকে সবাই স্বাগত জানায়। শিগগিরই হেডম্যান (মৌজা প্রধান), কারবারি (গ্রাম প্রধান), ইউপি চেয়ারম্যান এবং চাকমা, বোমাং ও মং সার্কেল চিফদের মতামতের ভিত্তি এটি বাস্তবায়ন করা হবে।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালায় সূত্র জানায়, ব্রিটিশ আমলে ১৯০০ সালে সিএইচটি রেগুলেশন অ্যাক্ট’র মাধ্যমে পাহাড়ে ভূমির খাজনা আরোপ করা হয়। পাহাড়ি রীতিনীতি ও ঐতিহ্য অনুযায়ী সে সময়ে নির্ধারণ করা নামমাত্র হারের খাজনাই এখনও সার্কেল চিফ বা রাজারা হেডম্যান ও কারবারীদের  মাধ্যমে সংগ্রহ করে সরকারকে দিয়ে আসছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, পাহাড়ে এই প্রথমবারের মতো ভূমি কর যৌক্তিক মাত্রায় বাড়ানো হলে সেখানে রাতারাতি জমির দামও বৃদ্ধি পাবে। ফলে ক্ষুদ্র ও দরিদ্র কৃষকের পক্ষে ব্যাংক ঋণ সংগ্রহ সহজ হবে। ভূমি কর বৃদ্ধির মাধ্যমে সরকারের রাজস্ব যেমন বাড়বে, তেমনি বৃদ্ধি পাবে সার্কেল চিফ, হেডম্যান ও কারবারীদের বেতন ভাতা।

বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত পার্বত্য চট্টগ্রামের মোট আয়তন প্রায় ৫৪ হাজার একর। রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান এই তিন পার্বত্য জেলা নিয়ে গঠিত পার্বত্যাঞ্চলের জন সংখ্যা আনুমানিক প্রায় ১৫ লাখ।

১৯৯৭ সালের ২ ডিসেম্বর ঐতিহাসিক শান্তিচুক্তি স্বাক্ষরের মাধ্যমে পাহড়ে প্রায় দুই দশকের গেরিলা যুদ্ধের অবসান হয়। যুদ্ধ বিধ্বস্ত পাহাড়ে এখন দেশী বিদেশী নানা উন্নয়ন কর্মকাণ্ড চলছে।