অভাবের তাড়নায় নিজের সন্তানকে হত্যার চেষ্টা
অভাবের তাড়নায় কক্সবাজারে এক মা তার আট বছরের শিশু সন্তানকে নদীতে নিক্ষেপ করে হত্যার চেষ্টা চালায়। স্থানীয় জনতা তাৎক্ষণিকভাবে শিশুটিকে নদী থেকে উদ্ধার করে মা ও শিশুকে ঈদগাঁও পুলিশ ফাঁড়িতে সোর্পদ করেছে।
রোববার সন্ধ্যায় সদর উপজেলার ঈদগাঁও বাজারের কাছে বাঁকখালী নদীতে এ ঘটনা ঘটে।
জানা যায়, সন্ধ্যা ৭টার দিকে ২৫/২৬ বছর বয়সী এক মহিলা ঈদগাঁও বাজারের কাছে ব্রীজের রেলিংয়ে দাঁড়িয়ে হঠাৎ তার আট বছর বয়সী শিশু সন্তানকে বাঁকখালী নদীতে নিক্ষেপ করে। বাজারের লোকজন ঘটনা বুঝতে পেরে দ্রুত শিশুটিকে খাল থেকে উদ্ধার করে। তারা মা ও শিশুকে স্থানীয় ঈদগাঁও পুলিশ ফাঁড়িতে সোর্পদ করে। পরে পুলিশি জিজ্ঞাসাবাদে মহিলাটি জানায় তার বাড়ি কুমিল্লার মুরাদনগরে। তার নাম মর্জিনা আক্তার। শিশুটির নাম শাকিব।
ঈদগাঁও পুলিশ ফাঁড়ির এস.আই রনজিৎ বড়–য়া জানান, মর্জিনা প্রথম বিয়ে করার পর স্বামী পরিত্যক্তা হয়ে দ্বিতীয় বিয়ে করে। কিন্তু দ্বিতীয় স্বামীও তাকে ফেলে চলে গেলে অভাবের তাড়নায় সে শিশুটিকে হত্যা করতে চেয়েছিল। ওই মহিলার ভাষায়, ‘ছেলেটি মরে গেলে আমার আর কোনও চিন্তা থাকত না।’
বর্তমানে শিশু ও মহিলাটিকে লালন-পালনের দায়িত্ব নিয়েছে কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিক বাঁকখালীর ঈদগাঁও প্রতিনিধি সাঈদ রিয়াজ।
