২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালন মাজারে দোল পূর্নিমা উৎসব পালিত

বাউল সাধক ফকির লালন সাঁইয়ের মাজার বাউল-ফকিরদের বার্ষিক অনুষ্ঠান দোল পূর্ণিমা উপলক্ষ্যে হাজার হাজার মানুষের উপস্থিতিতে মুখরিত হয়ে উঠেছিল । লালন আখড়া প্রাঙ্গনে আয়োজিত তিনদিনব্যাপী এ অনুষ্ঠানমালা শেষ হয়েছে রোববার রাতে। আখড়া প্রাঙ্গনে বাউলরা দিনরাত পরিবেশন করেছে লালনসঙ্গীত। দিনের বিভিন্ন প্রহরে পালন করেছে তাদের নিজস্ব আচার-অনুষ্ঠান। অনুষ্ঠিত হয়েছে দীক্ষা প্রদান পর্ব।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2005, 04:00 PM

Updated : 26 Apr 2022, 05:29 PM

লালন একাডেমী আয়োজিত তিন দিনব্যাপী অনুষ্ঠানের আলোচনায় অংশ নেন মন্ত্রী, রাজনীতিবিদ, গবেষক ও সমাজসেবীগণ। অন্যতম প্রধান এ বার্ষিক  অনুষ্ঠান উপলক্ষ্যে বাউলদের সংগঠন লালন মাজার শরীফ ও সেবাসদন কমিটি আয়োজন করেছিল আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি ।

আখড়ার বাইরের উন্মুক্ত চত্বরে শুক্রবার রাতে লালন একাডেমী আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন মৎস্য ও পশু সম্পদ মন্ত্রী আব্দুল্লাহ আল নোমান। শনিবার দ্বিতীয় দিনের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক। রোববার শেষদিনে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার আলিমুশ্বান।

তিনদিনের আলোচনা সভায় স্থানীয় এমপি, জেলা প্রশাসক ও একাডেমীর কর্মকর্তারা লালন একাডেমীকে একটি পূর্ণাঙ্গ একাডেমীতে পরিণত করার দাবি জানান। তারা বলেন, বছরে দুটি অনুষ্ঠান পালন ছাড়া লালন একাডেমীর আর কোন কাজ নেই।

প্রতিদিন আলোচনা সভা শেষে শুরু হয় লালনসঙ্গীতানুষ্ঠান, চলে ভোর পর্যন্ত। লালন সঙ্গীতের কিংবদন্তিতুল্য শিল্পী ফরিদা পারভীনসহ দেশের বিখ্যাত শিল্পী ও বাউল সাধকরা উন্মুক্ত মঞ্চে পরিবেশন করেন লালন সঙ্গীত।

ফকির লালন সাঁই (মৃত্যু-১৮৯০ খ্রী.) জীবিতকালে ছেউড়িয়ায় তার আখড়ায় দোল পূর্ণিমার রাতে অনুষ্ঠান করতেন। তাঁর মৃত্যুর পর ভক্তরা প্রতি বছর ১ কার্তিক মৃত্যুবার্ষিকী এবং দোল পূর্ণিমার রাতে অনুষ্ঠান পালন করে আসছে। প্রতি বছরের মতো এবারও মেলা শুরুর দু/তিন দিন আগে থেকেই বাউল-ফকিররা  জড়ো হতে শুরু করেছিলেন আখড়া বাড়িতে। শুক্রবার বিকেলের মধ্যেই  আখড়ার চারপাশ, লালন মাজার চত্বর, বাইরের উন্মুক্ত চত্বর পরিণত হয় জনারণ্যে। গত কয়েক বছরের মধ্যে এবার সবচে বেশি মানুষের উপস্থিতি ছিল। নারীদের উপস্থিতিও বেশ ছিল। তবে এবার বাউল-ফকিরদের উপস্থিতি ছিল কম।

উৎসবকে ঘিরে বাইরের উন্মুক্ত চত্বরে বসেছিল গ্রামীণ মেলা। মেলায় বসে কুটির শিল্প, মৃৎ শিল্প, দেশী গয়না, আসবাবপত্র, বই ও খাবারসহ হরেক রকম দোকান।

উৎসব উপলক্ষ্যে স্থানীয় প্রশাসন ও লালন একাডেমী আখড়া প্রাঙ্গনে ব্যাপক নিরাপত্তামূলক প্রস্তুতি নিয়েছিল। মোতায়েন করা হয়েছিল পুলিশ ও বিডিআর।