স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপি’র বর্ণাঢ্য শোভাযাত্রা
ক্ষমতাসীন চার দলীয় ঐক্যজোটের প্রধান শরিক দল বিএনপি রোববার স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে।
বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্ন্য়ন ও সমবায় মন্ত্রী আব্দুল মান্নান ভুঁইয়া পল্টন ময়দানে বেলুন উড়িয়ে শোভাযাত্রার সূচনা করেন।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘোষণার মধ্য দিয়েই বাংলাদেশ স্বাধীন হয়। এবং স্বাধীন দেশে তিনিই গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেন।
মান্নান ভুঁইয়া বলেন, ১৯৭১’র আগের নির্বাচনে যারা জিতেছিলো, স্বাধীনতা ঘোষণার দায়-দায়িত্বও ছিলো তাদের-ই। কিন্তু তাদের ব্যর্থতার কারণেই জিয়া স্বাধীনতা ঘোষণা করে মুক্তিযুদ্ধের সূচনা করেন।
সংক্ষিপ্ত এ সমাবেশে ঢাকার মেয়র সাদেক হোসেন খোকাও বক্তব্য রাখেন।
বিএনপি শীর্ষ নেতা তরিকুল ইসলাম এমপি, ড. খন্দকার মোশাররফ হোসেন এমপি, ব্যারিস্টার মওদুদ আহমেদ এমপি, মির্জা আব্বাস এমপি, আমানুল্লাহ আমান এমপি, বরকতুল্লাহ বুলু, জিয়াউল হক জিয়া এমপি, নাজিমুদ্দিন আলম এমপি, সালাউদ্দিন এমপি, মোসাদ্দেক হোসেন এমপি, নাসির উদ্দিন পিন্টু এমপি ও সাহাবুদ্দিন লাল্টুসহ বিএনপি ও অঙ্গ সংগঠন সমূহের কেন্দ্রীয় এবং মহানগর কমিটির নেতারা শোভাযাত্রায় অংশ নেন।
বিএনপি ঢাকা মহানগর কমিটি আয়োজিত শোভাযাত্রায় নগরীর বিভিন্ন এলাকা থেকে দল ও এর অঙ্গ সংগঠনসমূহের হাজার হাজার কর্মী ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড নিয়ে শামিল হয়। শোভাযাত্রাটি পল্টন ময়দান থেকে শুরু হয়ে ফকিরাপুল, কাকরাইল ঘুরে শাহবাগে এসে শেষ হয়।
