২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কারাদন্ডসহ শাস্তির বিধান সম্বলিত নতুন মোটর ভেহিক্যালস অর্ডিনেন্স প্রণয়নের সিদ্ধান্ত

সড়ক পরিবহন ক্ষেত্রে বিভিন্ন অপরাধে কারাদন্ডের বিধান রেখে নতুন আইন প্রণয়নের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2005, 07:35 PM

Updated : 26 Apr 2022, 05:29 PM

যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার সভাপতিত্বে  রোববার অনুষ্ঠিত মন্ত্রনালয়ের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এতে ১৯৮৩ সালের মোটর ভেহিক্যালস অর্ডিনেন্স পর্যালোচনা করে একটি নতুন ও যুগোপযোগী আইন প্রণয়নের প্রস্তাব গৃহিত হয়। খবর প্রেস বিজ্ঞপ্তির।

সড়ক পরিবহনে নিরাপত্তা ও শৃঙ্খলা প্রতিষ্ঠা, যাত্রীসেবা নিশ্চিত করা, শব্দ দূষন রোধ এবং ভুয়া লাইসেন্সের কারণে ঘটা দুর্ঘটনা হ্রাসের লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

নতুন প্রস্তাবিত বিধান অনুযায়ী ভুয়া লাইসেন্স বানানো, এ কাজে সহযোগিতা এবং ব্যবহার করা- সব ধরনের অপরাধের জন্য সর্বনিু দু মাসের কারাদন্ডসহ আর্থিক জরিমানা করা হবে। বেপরোয়া গাড়ি চালানো এবং যাত্রীদের সাথে পরিবহন শ্রমিক, চালকদের অশোভন আচরণের অপরাধে প্রস্তাবিত অর্ডিনেন্সে শাস্তির বিধান রাখা হয়েছে।

আরো যে সব অপরাধে শাস্তির বিধান রাখা হচ্ছে সেগুলো হলো, বাস মিনিবাসে বেআইনীভাবে অতিরিক্ত আসন সংযোজন; কালো ধোঁয়া নির্গমনকারী মোটরযান ব্যবহার; মাতাল অবস্থায় গাড়ি চালানো; রেজিস্ট্রেশন, ফিটনেস সার্টিফিকেট, রুট পারমিট ব্যাতিত গাড়ি ব্যবহার, শারীরিকভাবে অনুপযুক্ত অবস্থায় গাড়ি চালানো, অতিরিক্ত মালামাল পরিবহনসহ  আরও কয়েকটি ক্ষেত্র।

প্রস্তাবটি অনুমোদনের জন্য শিগগিরই মন্ত্রিপরিষদে উপস্থাপন করা হবে।

বৈঠকে যোগাযোগ সচিব মো. শফিকুল ইসলাম, বিআরটিএ চেয়ারম্যান ফারুক আহমেদ এবং যোগাযোগ মন্ত্রনালয়সহ সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।