স্বাধীনতা দিবসে হামলা: আওয়ামী লীগের প্রতিবাদ
আওয়ামী লীগ স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে যাওয়ার সড়কে তোরণ নির্মাণে পুলিশি বাধা ও নির্মিত তোরণ ভেঙে ফেলা এবং নরসিংদীর মনোহরদীর র্যালিতে হামলার জন্য বিএনপি ও ছাত্রদলকে অভিযুক্ত করেছে।
দলের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সামাদ আজাদ ও সাধারণ সম্পাদক আব্দুল জলিল রোববার এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে নেতারা বলেন, ঐতিহ্য অনুযায়ী সাভার উপজেলা আওয়ামী লীগ জাতীয় নেতাদের স্বাগত জানাতে ঢাকা আরিচা মহাসড়কে তোরণ নির্মাণ করে। এবার তোরণ নির্মাণ করতে গেলে পুলিশ সেখানে বাধা দেয় এবং আগে নির্মিত তোরণগুলোও ভেঙ্গে ফেলে। স্বাধীনতার দিন মনোহরদীতে আওয়ামী লীগের র্যালিতে হামলা চালিয়ে ২৫ জন নেতাকর্মীকে আহত করে।
তারা বলেন, বিএনপি স্বাধীনতা বিরোধী জামায়াতকে সাথে নিয়ে ক্ষমতায় গিয়ে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করছে। মুক্তিযুদ্ধের সকল অর্জনকে ধুয়ে মুছে ফেলার অপচেষ্টা করছে। এসব হামলা ও তোরণ নির্মাণে বাধা দেওয়া, এরই ধারাবাহিকতা।
বিবৃতিতে তারা দেশের বিভিন্ন স্থানে স্বাধীনতা র্যালিতে হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার ও শাস্তির দাবি জানান।
