২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাজার সমস্যায় জর্জরিত ছিটমহলের জীবন

ছিটমহলের জীবন এমনিতেই হাজার সমস্যায় জর্জরিত। দেশের উন্নয়ন কর্মসূচীর এজেন্ডায় কখনো ছিটমহলের নাম আসেনা। সমস্যার শিকড় আসলে কোথায়?

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2005, 05:26 PM

Updated : 26 Apr 2022, 05:29 PM

ছিটমহল শব্দটির আভিধানিক অর্থ দ্বিপায়নিকা রাজ্য। তবে পাক ভারত উপমহাদেশের ছিটমহলগুলো সমতল ভূমির উপর ওপর অবস্থিত বলে এ ধরনের ছিটমহলের ক্ষেত্রে সাধারণভাবে যা বোঝায় তা হচ্ছে একটি স্বাধীন রাষ্ট্রের কিছু ভুখন্ড পার্শ্ববর্তী দেশের ভূমি বা পানি দ্বারা পরিবেষ্টিত একটি অঞ্চল।

জানা যায়, মোঘল অধিকৃত এলাকায় কুচরাজের অনুগত ছিল কিছু লোক।  এদের বলা হত রাজগীর। দুই শক্তির অনুগত বাসিন্দাদের সম্পত্তি চিহ্নিত করার কারণে ছিটমহলের উৎপত্তি হয়। এসব ছিটমহল তৎকালীন তিনটি পরগনায় অর্ন্তভুক্ত ছিল। এগুলো কইকনা, পাটগ্রাম এবং পাটগ্রামের উত্তর ভাগ। সন্ধি চুক্তির শর্ত মোতাবেক কুচবিহার রাজ্যের অনুগত (রাজগীর) সম্পত্তিগুলো (মোঘল রাজ্যের ভিতরে) কুচরাজ্যের অন্তর্ভুক্ত বলে গন্য হয়। কুচবিহারের ছিটমহলের সংখ্যা ১শ ১১টি। পক্ষান্তরে কুচবিহার রাজ্যের ভিতর মোঘলদের অনুগত (মোগলাম) অধিবাসিদের সম্পত্তি মোগল রাজ্যের অর্ন্তগত। এসব ছিটমহলের সংখ্যা ৫৩টি।

১৯৮৭ সালে ভারত বিভক্তির পর ১৯৪৯ সালে ভারতের গভর্নরের সঙ্গে কুচবিহার মহারাজ্যের চুক্তির ফলে ১৯৫০ সালে করদরাজ্য কুচবিহার ভারতের অর্ন্তভুক্ত হয়। এসময় কুচবিহারের ১শ ১১টি ছিটমহল ভারতভুক্ত হয়। যদিও এদের অবস্থান বাংলাদেশের মূল ভুখন্ডের অভ্যন্তরে।

মোগলামের ৫৩টি ছিটমহলও তেমনিভাবে বাংলাদেশের অন্তর্ভুক্ত হয়। যদিও এদের অবস্থান ভারতের মূল ভুখন্ডের অভ্যন্তরে। বর্তমান বাংলাদেশ এবং ভারেতের মোট ছিটমহলের আকার ২৪ হাজার ২ শ ৬৮ দশমিক ০৭ একর। ভারতের ১শ ১১টি ছিটমহল বাংলাদেশের অভ্যন্তরে রয়েছে। এ ছিটমহলগুলোর মোট আয়তন ১৭ হাজার ১শ ৫৮ দশমিক ০৫ একর। ভারতের মধ্যে রয়েছে ৫৩টি ছিটমহল। এর মধ্যে দহগ্রাম আর আঙ্গরপোতা ছিটমহল দুটি ভারত তিন বিঘা করিডোর শর্ত সাপেক্ষে ব্যবহার করতে দেয়ায় বাংলাদেশের মূল-ভূখন্ডের সঙ্গে যোগাযোগ স্থাপিত হয়েছে। বাকি ৫১টি ছিটমহলের আয়তন ৭ হাজার ১শ ১০ দশমিক ০২ একর।

বাংলাদেশের ছিটমহলগুলো লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার আওতাভূক্ত হলেও সেগুলো অবস্থান করছে ভারতের কুচবিহার জেলায়। একইভাবে ভারতের কুচবিহার জেলার বিভিন্ন এলাকা ছিটমহল রূপে ছড়িয়ে আছে বাংলাদেশের লালমনিরহাট, পঞ্চগড়, নীলফামারী ও কুড়িগ্রাম জেলায়। ভারতের ১শ ১১টি ছিটমহলের মধ্যে লালমনিরহাটে ৫৯টি, পঞ্চগড়ে ৩৬টি, নীলফামারীতে ৪টি এবং কুড়িগ্রামের ১৮টি ছিটমহল রয়েছে। ১৯৯৬ সালে ভারত-বাংলাদেশ যৌথভাবে ছিটমহল সংক্রান্ত এ তালিকা কলকাতায় প্রস্তুত করে।

বস্তুত ছিটমহল এখন আর কোন দেশের নয়, যদিও মানচিত্রে এর অস্তিত্ব কোন না কোন দেশের অভ্যন্তরে দেখা যায়। প্রকৃতভাবে ছিমহলবাসীরা স্বশাসিত। এমন কোন ছিটমহল নেই যেখানে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। তাই নিরক্ষরতা এখানে শিকঁড় গেড়ে বসেছে। আদম শুমারি হলে এর জনগোষ্ঠী গননার মধ্যে পড়েনা। ফলে এলাকাগুলো অপরাধীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। প্রশাসনও এক্ষেত্রে কোনও ভুমিকা রাখতে পারেনা। ফলে অপরাধীদের কাছে খুবই প্রিয় এসব অঞ্চল। দাগী আসামী ও সন্ত্রাসী খুনীরা মূল ভূখন্ড থেকে পালিয়ে আশ্রয় নেয় এসব ছিটমহলে।

নিরাপত্তার  জন্য নেই কোন পুলিশ বা চৌকিদার ব্যবস্থা, নেই কোন বিয়ে রেজিষ্ট্রির ব্যবস্থা। চিকিৎসার কোন ব্যবস্থা না  থাকায় কবিরাজ কিংবা হাতুঁড়ে ডাক্তাররাই সম্বল। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে তাদের কাছে কখনও ত্রাণ পৌঁছে না।

বিডিআর কিংবা বাংলাদেশী জনগণের কাছে কখনও ভারতীয় ছিটমহলবাসী নির্যাতনের শিকার হয়েছে এমন রেকর্ড না থাকলেও ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এবং ভারতীয় জনগণ কর্তৃক বাংলাদেশের ছিটমহলবাসী প্রতিনিয়ত নির্যাতনের শিকার হচ্ছে।

ইন্দিরা-মুজিব চুক্তি অনুযায়ী ভারত এবং বাংলাদেশের ছিটমহল বিনিময় করার কথা। কিন্তু ভারতের অনীহার কারণে এই বিনিময় প্রক্রিয়া বারবার পিছিয়ে যাচ্ছে।