২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজার শহরের অবৈধ স্থাপনা উচ্ছেদ

কক্সবাজার শহরের প্রাণকেন্দ্র লালদীঘির পাড় এলাকায় অবৈধ ভাবে গড়ে উঠা দোকানপাট রোববার সকালে উচ্ছেদ করা হয়েছে। পুলিশের সহযোগিতায় কক্সবাজার পৌরসভার কর্মীরা এ উচ্ছেদ অভিযান চালায়।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2005, 01:55 PM

Updated : 26 Apr 2022, 05:29 PM

কক্সবাজার পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, লালদীঘির পাড়কে ঘিরে একটি চমৎকার পার্ক গড়ে তোলার জন্যই এ উচ্ছেদ অভিযান চালানো হয়েছে ।

রোববার সকাল ৭টা থেকে পৌরসভার কর্মীরা লালদীঘির দনি পাড়ে প্রধান সড়কের পাশে গড়ে উঠা ১৭টি দোকান উচ্ছেদের কাজ শুরু করে। দুপুর ১২টা পর্যন্ত এ উচ্ছেদ অভিযান চলে।

উচ্ছেদ করা দোকানগুলোর মধ্যে কক্সবাজার শহরের প্রধান দু’টি পত্রিকার এজেন্ট মেসার্স খবর বিতান ও নিউজ কর্ণার এবং জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এর কক্সবাজার জেলা অফিসও রয়েছে।

পৌর কর্তৃপক্ষ দাবি করেছে, এসকল দোকানপাট অবৈধভাবে গড়ে উঠেছে। তারা দোকান মালিকদের উচ্ছেদ অভিযানের নোটিশ দিয়েছেন বলেও জানায়।

অপরদিকে উচ্ছেদকৃত দোকান মালিকদের অধিকাংশই জানিয়েছেন, তারা পৌরসভার অনুমোদনক্রমেই দোকানগুলো চালাতেন। সর্বশেষ গত ৫ মার্চেও এসব দোকান থেকে পৌরসভা ভাড়া আদায় করেছে।

তারা আরও জানান, পৌরসভা উচ্ছেদের কোনও নোটিশ দেয়নি।  উল্লেখ্য, কক্সবাজার জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় মাস তিনেক আগে এসব অবৈধ দোকান উচ্ছেদের সিদ্ধান্ত নেয়া হয়। রোববারের উচ্ছেদ অভিযান সে সিদ্ধান্তেরই বিলম্বিত বাস্তবায়ন।