২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সারাদেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

ত্রিশ লাখ শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং একটি সুখী ও সমৃদ্ধ দেশ গড়ার প্রত্যয় নিয়ে শনিবার সারাদেশে ৩৫তম স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে দেশের প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ মিছিল বের করে। এ উপলক্ষ্যে ক্ষমতাসীন বিএনপি রোববার রাজধানীর পল্টন ময়দান থেকে একটি র‌্যালি বের করবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2005, 07:12 PM

Updated : 26 Apr 2022, 05:29 PM

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রধান বিরোধী দল আওয়ামী লীগ একটি  বর্ণাঢ্য মিছিল বের করে। মিছিলটি মুক্তাঙ্গন থেকে শুরু হয়ে ধানমন্ডি ৩২ নম্বর রোডে গিয়ে শেষ হয়।

পাকিস্তানী অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে ১৯৭১ সালের এই দিনে বিক্ষোভে ফেটে পড়ে তদানীন্তন পূর্ব পাকিস্তানের বাঙ্গালী জনগণ। ২৫ মার্চের কালো রাতে পাকিস্তানি সামরিক বাহিনী নিরস্ত্র বাঙালিদের ওপর ঝাঁপিয়ে পড়ে চালায় বিশ্বের ইতিহাসের সবচেয়ে নারকীয় হত্যাকাণ্ড।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ২৬ মার্চ স্বাধীনতার ঘোষণা দেওয়ার পর শান্তিকামী বাঙ্গালী জনগণ অস্ত্র হাতে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। নয় মাস পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে যুদ্ধের পর অবশেষে ১৬ ডিসেম্বর বিশ্বের মানচিত্রে একটি স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের আত্মপ্রকাশ ঘটে।

একুশবার তোপধ্বণীর মধ্যে দিয়ে দিবসটির সূচনা হয়। স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে বিভিন্ন সরকারি অফিস, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়গুলোতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

সরকারের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে দিবসটি পালন  করেছে।

রাজধানীর বিভিন্ন সড়কে জাতীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন দিয়ে সাজানো হয়েছে।

দিবসটি সরকারি ছুটির দিন। সূর্যাস্তের পর নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় আলোকসজ্জা করা হয়।

সাভারে জাতীয় স্মৃতিসৌধে ভোরে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদ ও প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্বাধীনতা যুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

রাষ্ট্রপতি সকাল ৯ টায় জাতীয় প্যারেড গ্রাউন্ডে সশস্ত্র বাহিনীর কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন। সামরিক বাহিনী ছাড়াও মুক্তিযোদ্ধাদের একটি দল, বিডিআর, পুলিশ, বিএনসিসি, আনসার ও ভিডিপি কুচকাওয়াজে অংশগ্রহণ করে।

রাজবাড়ি: ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জেলায় স্বাধীনতা দিবস উদযাপিত হয়। দিবসটি উপলক্ষ্যে রাজবাড়ি শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে রাজবাড়ি ডেপুটি কমিশনার, পুলিশ সুপার, বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

রাজবাড়ি স্টেডিয়ামে স্বাধীনতা দিবসের ঐতিহ্যবাহী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।

ফরিদপুর: জেলা শহরে শনিবার ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস পালিত হয়। জেলার সকল গুরুত্বপূর্ণ স্থাপনা ও সরকারি অফিসগুলোতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

শহরের অম্বিকা ময়দানে অবস্থিত স্বাধীনতা স্মৃতি মিনারে সকালে জেলা কমিশনার, ফরিদপুর পৌরসভা, বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসমূহ পুষ্পার্ঘ অর্পণ করে। স্থানীয় স্বাধীনতা চত্তরে সম্মিলিত সাংস্কৃতিক জোট একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

বাগেরহাট: মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে শনিবার জেলা প্রেসক্লাব মিলনায়তনে ‘মুক্তিযুদ্ধে বাগেরহাট’ শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করা হয়। বাগেরহাট প্রেসক্লাব সভাপতি এ্যডভোকেট মোহাম্মদ মোজাফ্ফর হোসেনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন মীর শওকত আলী বাদশা, ইসহাক তালুকদার, বাবুল সরদার ও নাকিব সিরাজুল হক।

মানিকগঞ্জ: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে শনিবার জেলার মুক্তিযোদ্ধা সংসদ দু’জন সাহসী মুক্তিযোদ্ধার নামে পৌরসভার দুটি সড়কের নামকরণ করে। ওই দু’জন মুক্তিযোদ্ধা হলেন এ্যডভোকেট আব্দুল আজিজ ও আব্দুল ওয়াহাব।

জেলার মুক্তিযোদ্ধা সংসদের কার্যালয়ে ১৭ জন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও ৬৪ জন সাহসী মুক্তিযোদ্ধার পরিবারকে সম্বর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ কমিশনার এসএম শামসুর জাকারিয়া।