২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভুল চিকিৎসায় রাজধানীতে মুক্তিযোদ্ধার মৃত্যু

ডাক্তারের ভুল চিকিৎসায় রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে এক মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহতের নাম খন্দকার আলী আশরাফ (৫১)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2005, 07:18 PM

Updated : 26 Apr 2022, 05:29 PM

পুড়ে যাওয়া মুখের ক্ষতে প্লাস্টিক সার্জারি করানোর জন্য আশরাফ গত বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গ্রীণ রোডের সেন্ট্রাল হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ঐদিন রাত ৮টায় তার শরীরে অস্ত্রপোচার করা হয়। অস্ত্রপোচার করেন সম্মিলিত সামরিক হাসাপাতালের ডাঃ ব্রিগেডিয়ার জেনারেল অঞ্জন কুমার দেব। কিন্তু অস্ত্রপোচারের পর হাসপাতাল কর্তৃপক্ষ রোগীর সাথে তার আত্মীয় স্বজনদের দেখা করতে দেয়নি। পরে শুক্রবার ভোর ৫টার দিকে কর্তব্যরত একজন ডাক্তার এসে তার আত্মীয়কে জানান  যে আশরাফ মারা গেছেন।

নিহত আশরাফ কারওয়ান বাজার ফিলিপ্স সার্ভিস সেন্টারের অভ্যর্থণা বিভাগে কর্মরত ছিলেন।

মৃত্যুর পরপরই হাসপাতাল কর্তৃপক্ষ দ্রুত লাশ নিয়ে নেয়ার জন্য নিহতের পরিবারকে চাপ দিচ্ছিল বলে অভিযোগ পাওয়া যায়।

নিহতের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, হাসপাতালে ভর্তির সময় আশরাফ সম্পূর্ণ সুস্থ ছিলেন। এ প্রসঙ্গে যোগাযোগ করা হলে হাসপাতালে যুগ্ম পরিচালক (প্রশাসন) ডাঃ এনায়েতুর রহমান ভুল চিকিৎসার কারণে  রোগীর মৃত্যুর অভিযোগ অস্বীকার করে বলেন, হৃদরোগে আক্রান্ত হয়ে রোগীর মৃত্যু হয়েছে ।

ডাঃ এনায়েতুর বিডিনিউজকে আরও জানান,‘ অপারেশন সম্পূর্ণ সফল ছিল এবং রাত ২টা পর্যন্ত রোগীও সম্পূর্ণ সুস্থ ছিল। রাত ৪টার দিকে গুরুতর হার্ট এ্যাটাকে আলী আশরাফ মারা যান। তার মারা যাওয়ার সাথে অপারেশনের কোনও সম্পর্ক নেই।’

তবে বারবার চেষ্টা করেও ডাঃ ব্রিগেডিয়ার জেনারেল অঞ্জন কুমার দেবের সাথে যোগাযোগ করা যায়নি।

নিহত আলী আশরাফের গ্রামের বাড়ি মাগুরা জেলার মোহম্মদপুর থানার আলোকদিয়া গ্রামে। তবে তিনি বাস করতেন সাভারের গেণ্ডায়।

নিহতের পরিবার সংশ্লিষ্ট হাসপাতাল ও চিকিৎসকের বিরুদ্ধে মামলা করাবে বলে জানায়।