জোট সরকার আর চুক্তি বাস্তবায়ন করবে না: বিডিনিউজের সঙ্গে সাক্ষাতকারে সন্তু লারমা
পার্বত্য আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান ও জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা বলেছেন, জোট সরকার শান্তিচুক্তি বাস্তবায়ন তো করছেই না, উপরন্তু চুক্তি বিরোধী নানা কর্মকাণ্ড করেই চলেছে।
তিনি বলেন, চুক্তি বাস্তবায়নের প্রক্রিয়া এখন পুরোপুরি বন্ধ রয়েছে। জোট সরকারের মেয়াদও শেষ হয়ে যাচ্ছে। এ সরকার আর চুক্তি বাস্তবায়ন করবে না।
সাবেক গেরিলা নেতা সন্তু লারমা বিডিনিউজকে দেওয়া এক একান্ত সাক্ষাতকারে এ কথা বলেন। ঢাকায় আঞ্চলিক পরিষদের রেস্ট হাউজে আলাপচারিতায় তিনি জাতীয় ও পার্বত্য রাজনীতির নানা দিক তুলে ধরেন।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা জনসংহতি সমিতির পক্ষ থেকে জাতীয় রাজনিিত পর্যবেক্ষণ করছি। যতদিন না দেশে গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও গণমুখি সরকার প্রতিষ্ঠা না হচ্ছে, ততদিন জুম্ম (পাহাড়ি) জাতির অধিকার প্রতিষ্ঠা হবে না।’
তিনি আরও বলেন, মার খেতে খেতে পাহাড়িদের পিঠ এখন দেওয়ালে ঠেকে গেছে। জুম্ম জাতি রুখে দাঁড়াবেই। সকলেরই অধিকার রয়েছে মানুষের মত বাঁচার।
সন্তু লারমা বলেন, ‘পার্বত্য সমস্যা সমাধানে আমরা বিগত শেখ হাসিনার সরকারের সময়ে শান্তিচুক্তি স্বাক্ষর করেছিলাম। সে সরকার চুক্তি বাস্তবায়নে আন্তরিক থাকলেও আওয়ামী লীগের নেতৃত্বের একটি অংশের বিরোধিতার কারণে ভূমি কমিশনকে কার্যকর করা, অস্থায়ী নিরাপত্তা ছাউনি প্রত্যাহারসহ চুক্তির মৌলিক বিষয়গুলো বাস্তবায়িত হতে পারেনি।’
তিনি বলেন, ‘বিএনপির নেতৃত্বাধীন জোট সরকার ক্ষমতায় এসে শান্তিচুক্তি বাস্তবায়ন করবে বলে ঘোষণা করে। কিন্তু এখন পর্যন্ত তাদের সে ঘোষণা বাস্তবায়নে কোনো সততা বা আন্তরিকতা কোনোটাই আমরা দেখছি না।’
তিনি আরও বলেন, এ সরকার চুক্তি বাস্তবায়ন বিরোধী কাজ করেই চলেছে। চুক্তিতে রয়েছে, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে একজন পাহাড়ি পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পালন করবেন। এছাড়া পার্বত্য উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান হওয়ার কথা একজন পাহাড়ির। অথচ মন্ত্রণালয়ে একজন উপমন্ত্রী নিয়োগ করে প্রধানমন্ত্রী নিজেই ওই মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। উন্নয়ন বোর্ড চেয়ারম্যান পদে একজন অপাহাড়িকে নিয়োগ করা হয়েছে। উন্নয়ন বোর্ডের কোটি কোটি টাকা ব্যায় করা হচ্ছে পাহাড়িদের জমি জমা দখলের জন্য, কর্মকাণ্ড চলছে পাহাড়ি স্বার্থের বিরুদ্ধে।
আরেক প্রশ্নের জবাবে সন্তু লারমা বলেন, শান্তিচুক্তি স্বাক্ষরের সাত বছর পর অন্য যে কোনো সময়ের চেয়ে এখন পাহাড়ের পরিস্থিতি উদ্বেগজনক। পাহাড়ে এখন অবৈধ অস্ত্রের ব্যবহার বেড়েছে। নিরাপত্তা বাহিনী চুক্তি লংঘন করে ক্যাম্প সম্প্রসারণের নামে পাহাড়িদের ভূমি দখল করছে। তাদের সহায়তায় রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান এই তিন পার্বত্য জেলায় চলছে বহিরাগত মুসলিম বাঙালিদের ভূমি গ্রাস। সামাজিক বনায়নের নামেও চলছে ভূমি গ্রাস।
তিনি বলেন, এছাড়া বেসামরিক প্রশাসন এবং আইন শৃঙ্খলার ওপর নিরাপত্তা বাহিনীর কর্তৃত্ব, নিরাপত্তার নামে হয়রানিমূলক গ্রেফতার ও তল্লাসী, ইউপিডিএফ (ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট) ও ডিপিএসহ (ডেমোক্রেটিক পার্টি অফ আরাকান) নানা অস্ত্রধারী সন্ত্রাসী গোষ্ঠির চাঁদাবাজী সন্ত্রাস চলছে।
সন্তু লারমা বলেন, ‘এ সবই সুপরিকল্পিতভাবে করা হচ্ছে পার্বত্য চট্টগ্রামের অধিকারহারা পাহাড়িদের বঞ্চিত করার জন্য। তাদের গণতান্ত্রিক আন্দোলনকে চিরতরে স্তব্ধ করে দেওয়ার জন্য। এ সবের বিরুদ্ধেই আমরা রুখে দাঁড়াচ্ছি, প্রগতিশীল নিয়মতান্ত্রিক আন্দোলন করছি।
