২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষা প্রতিষ্ঠানে বিতরণ করা কম্পিউটারের ওপর সমীক্ষা চালাবে মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক দেশের মাধ্যমিক বিদ্যালয়গুলোতে কম্পিউটার বিতরণে অনিয়ম এবং বিতরণকৃত কম্পিউটারগুলো যথাযথভাবে ব্যবহার করা হচ্ছে কিনা তার ওপর একটি সমীক্ষা চালানোর সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2005, 02:50 PM

Updated : 26 Apr 2022, 05:29 PM

সম্প্রতি মন্ত্রণালয় কর্তৃক কম্পিউটার বিতরণ এবং সেগুলোর ব্যবহারে অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে মন্ত্রণালয় সূত্র জানায়।

এ ঘটনা তদন্তে মন্ত্রণালয় একজন যুগ্মসচিবকে প্রধান করে সাত সদস্যের একটি কমিটিও গঠন করেছে।

সুত্র জানায়, শিক্ষা মন্ত্রণালয় গত কয়েক বছরে দেশের মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ৯ হাজার কম্পিউটার এবং ৪ হাজার প্রিন্টার বিতরণ করে।

বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকরা ছাত্র-ছাত্রীদের শিক্ষাদান না করে নিজস্ব কাজে এসব কম্পিউটার ব্যবহার করে থাকেন বলে অভিযোগ রয়েছে।

কম্পিউটার জ্ঞান না থাকার কারণে অনেক স্কুল কর্তৃপক্ষ বছরের পর বছর এসব কম্পিউটার অব্যবহৃতভাবে ফেলে রাখছে।

নগরীর এক স্কুল ছাত্র জানায়, তারা (শিক্ষকরা) নিজেরা কম্পিউটার ব্যবহার করতে জানে না, আমাদেরও ব্যবহারের সুযোগ দেয় না।

তারা আরও অভিযোগ করে, অনেক ছাত্র-ছাত্রী কম্পিউটার বিষয় নিলেও শিক্ষকরা ঐ বিষয়ের কোনও ক্লাস নেন না।

২০০৩ সালে শিক্ষা মন্ত্রণালয় এর সরাসরি তত্তাবধানে দেশের ৯৩৬ টি স্কুল ও মাদ্রাসায় ২ হাজার কম্পিউটার বিতরণ করে।

একই বছর ৩৪৬ টি স্কুলে কম্পিউটার কোর্সের জন্য আরও প্রায় এক হাজার কম্পিউটার দেওয়া হয়। এছাড়া উন্নয়ন প্রকল্পের আওতায় নির্দিষ্ট কিছু মাধ্যমিক স্কুলে প্রায় ২৪৩ টি কম্পিউটার বরাদ্ধ করা হয়।

২০০২ সালে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এক হাজারের মতো কম্পিউটার বিতরণ করা হয়।

এ প্রসঙ্গে যোগাযোগ করা হলে শিক্ষা প্রতিমন্ত্রী আনম এহসানুল হক মিলন অনিয়ম তদন্তের জন্য একটি কমিটি গঠনের কথা স্বীকার করে বলেন, শিগগিরই এ কমিটি কাজ শুরু করবে।

তবে তিনি বিতরণকৃত কম্পিউটারের প্রকৃত সংখ্যা কত তা জানাতে  কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন বলে জানান।

‘প্রথমে আমাদের জানতে হবে শিক্ষা প্রতিষ্ঠানে মোট কতগুলো কম্পিউটার বিতরণ করা হয়েছে। তারপরে এর ব্যবহার, অপব্যবহার’।

‘অনেক দিন ধরেই আমি এ বিষয়টি তদন্ত করার কথা বলে আসছি। কিন্তু কেউ আমার কথায় কর্ণপাত করেনি’, মন্ত্রী ক্ষোভের সাথে বলেন।