রিক্রুটিং এজেন্সিগুলো প্রবাসীদের পাসপোর্ট নিয়ে বাণিজ্য করছে
এক শ্রেনীর রিক্রুটিং এজেন্সি বাংলাদেশী প্রবাসীদের পাসপোর্ট ব্যবহার করে অবৈধ বাণিজ্যের উদ্দেশ্যে নকল পাসপোর্ট তৈরি করে আসছে।
বিদেশে পাসপোর্ট হারানোর কারণে শতকরা প্রায় ৬০ ভাগ প্রবাসী জনশক্তি রিক্রুটমেন্ট এজেন্সির কাছে মূল পাসপোর্টের জন্য আবেদন করে থাকে।
পুলিশের স্পেশাল ব্রাঞ্চের সূত্রে বৃহষ্পতিবার জানা যায়, রিক্রুটমেন্ট সংস্থাগুলো প্রবাসী আবেদনকারীর পাসপোর্টে ফটোগ্রাফ পরিবর্তন করে আরেকজনের নামে ব্যবহার করে থাকে। পাসপোর্ট অফিসের এক শ্রেনীর অসৎ কর্মকর্তা ও অসাধু জনশক্তি রফতানিকারকদের গোপন যোগসাজশে এই ব্যবসা চলে আসছে বলে সূত্রটি জানায়। বিকল্প পাসপোর্ট পাওয়ার পর মূল পাসপোর্টটি কুরিয়ার সার্ভিসে করে প্রবাসী আবেদনকারীর কাছে পাঠানো হয়।
স্পেশাল ব্রাঞ্চের পাসপোর্ট ও ইমেগ্রেশন বিভাগের অতিরিক্ত সুপারিনটেনডেন্ট অব পুলিশ আবুল কালাম সিদ্দিক জানান, জনশক্তি রফতানিকারকরা পাসপোর্টে ফটোগ্রাফ পরিবর্তন করে বিক্রি করে থাকে। এই সুযোগকে কাজে লাগিয়ে কতিপয় বিদেশী ও প্রবাসী বাংলাদেশীরাও নকল পাসপোর্ট ব্যবসার সাথে জড়িয়ে গেছে বলে অভিযোগ রয়েছে।
গত বছর প্রায় ৩০ হাজার প্রবাসী বাংলাদেশী বিকল্প পাসপোর্টের জন্য আবেদন করেছিল। বিদেশে মূল পাসপোর্ট হারিয়ে যাওয়াকে তারা সবাই একই কারণ হিসেবে উপস্থাপন করে। আর একই কারণ দেখিয়ে ২০০৩ সালে বিকল্প পাসপোর্টের জন্য আবেদন করে প্রায় ৪০ হাজার প্রবাসী বাংলাদেশী।
তাদের আবেদনের প্রেক্ষিতে ২০০৩ সালে ৩৮ হাজার ৭৯৫ টি নতুন পাসপোর্ট ইস্যু করে। অবশ্য ২০০৪ সালে প্রবাসীদের আবেদনের প্রেক্ষিতে কতটি পাসপোর্ট ইস্যু করা হয়েছিল সে তথ্য জানা যায়নি।
স্পেশাল ব্রাঞ্চের সূত্র আরও জানা যায়, প্রবাসী আবেদনকারীদের শতকরা ৬০ ভাগই মিথ্যে প্রমানিত হলেও তারা পাসপোর্ট বিভাগ থেকে নতুন পাসপোর্ট পেতে সক্ষম হয়।
স্পেশাল ব্রাঞ্চের একজন কর্মকর্তা অভিযোগ করেন, কতিপয় দুর্নীতিবাজ প্রবাসী শ্রমিক দেশে ফিরেই কুরিয়ার সার্ভিসে করে রিক্রুটিং এজেন্সিদের কাছে মূল পাসপোর্ট পাঠিয়ে দেয় এবং হারিয়ে গেছে বলে বিকল্প পাসপোর্টের জন্য আবেদন করে।
স্পেশাল ব্রাঞ্চ ইতোমধ্যে পাসপোর্ট অফিসের দুর্নীতিবাজ কর্মকর্তাদের চিহ্নিত করেছে এবং সংশ্লিষ্ট মহাপরিচালককে তা অবহিত করেছে।
আরেকটি গোয়েন্দা সংস্থার সূত্রে জানা যায়, ভারত ও পাকিস্তানের অনেক নাগরিকই পাসপোর্ট ইস্যুর বাংলাদেশের ত্র“টিপূর্ণ ব্যবস্থার সুযোগ নিচ্ছে। বিষয়টি বাংলাদেশের জন্য দীর্ঘ মেয়াদে নিরাপত্তা সমস্যা হিসেবে আর্বিভূত হতে পারে। যেসব গ্রীন কার্ড হোল্ডাররা দীর্ঘ দিন বিদেশে থেকে দেশে ফিরেছেন তাদের কেউ কেউ এই অবৈধ ব্যবসার সাথে জড়িত বলে অভিযোগ রয়েছে। অতিরিক্ত এসপি আবুল কালাম বিডিনিউজকে জানান, ট্রাভেল এজেন্সিগুলোর একটি শক্তিশালী সিন্ডিকেট রাজধানীর ফকিরাপুল এলাকায় সক্রিয় রয়েছে। এই ট্রাভেল এজেন্সিগুলো ইউরোপের বিভিন্ন দেশ ও আমেরিকায় গমনেচ্ছু তরুনদের মাঝে পরিবর্তিত পাসপোর্টগুলো বিক্রি করেন।
প্রতারিত হয়ে বিদেশে গমনেচ্ছু তরুণরা ঝুঁকি নিয়েই ওই পরিবর্তিত পাসপোর্ট কিনে।
সম্প্রতি অসাধু ট্রাভেল এজেন্সির খপ্পরে পড়ে ৯ বাংলাদেশী তরুনের ভূমধ্যসাগের মৃত্যু হয়।
