বাতিল হচেছ বাংলাদেশ-ভারত পাসপোর্ট ব্যবস্থা
অভ্যন্তরীণ নিরাপত্তার এবং জঙ্গী সন্ত্রাসের কারণে ভারত ও বাংলাদেশের মধ্যে যৌথ পাসপোর্ট ব্যবস্থা বাতিল করতে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংহের কাছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এমকে নারায়ন সুপারিশ পাঠিয়েছেন।
দিল্লীতে সে দেশের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সাথে বৈঠকের পর এমকে নারায়ন জানান, শুধুমাত্র আন্তর্জাতিক পাসপোর্টধারী ব্যক্তিদেরই এখন থেকে বাংলাদেশ সফরে উৎসাহিত করা হবে।
১৯৭২ সালের ১ সেপ্টেম্বর ভারত ও বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত এক চুক্তির বলে এ যৌথ পাসপোর্ট চালু করা হয়। এতে বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, মনিপুর এবং মেঘালয়ের বাসিন্দারা লাভবান হতেন।
ভারত সরকারের এ ধরণের সিদ্ধান্তকে পশ্চিমবঙ্গ স্বাগত: জানালেও তীব্র বিরোধিতা করেছে অন্য রাজ্যগুলো।
পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছিলেন, বিভিন্ন জেলার আধিকারিকরা ঠিকমতো এসবের খোঁজখবর না নেওয়ায় জঙ্গীগোষ্ঠী এবং সন্ত্রাসীরা সুবিধা পাচ্ছিল।
এদিকে ত্রিপুরা, মনিপুর এবং মেঘালয় রাজ্যের কর্তাদের বক্তব্য হচ্ছে, তাঁদের রাজ্যের এমন অনেক মানুষ রয়েছেন, যারা শুধু বাংলাদেশেই যান। আন্তর্জাতিক পাসপোর্টের জন্য তাদের আসামের গৌহাটি যেতে হবে।
