২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাধীনতা যুদ্ধের স্মৃতি সংরক্ষণে ঢাবি কর্তৃপক্ষের অযত্ন, অবহেলা

স্বাধীনতার পর তেত্রিশ বছর পার হয়ে গেলেও এর স্মৃতি সংরক্ষণে আজও পর্যন্ত তেমন কোনও উদ্যোগ নেয়নি যুদ্ধের সূতিকাগার হিসেবে পরিচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2005, 06:41 PM

Updated : 26 Apr 2022, 05:28 PM

পাকিস্তান বিরোধী সংগ্রামের প্রধান কেন্দ্র হওয়ায় ১৯৭১ সালের ২৫ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়েই প্রথম হত্যাযজ্ঞ চালিয়েছিল পাকিস্তানী বাহিনী।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে (ডাকসু) রক্ষিত অসম্পূর্ণ তালিকা সূত্রে জানা যায়, দীর্ঘ নয় মাসব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষে, বিশেষ করে ২৫ মার্চের কালো রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমপক্ষে ২০ জন শিক্ষক ও ১০৫ জন ছাত্র-ছাত্রী এবং প্রায় ৩৫ জন কর্মকর্তা কর্মচারীকে নির্মমভাবে হত্যা করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে শহীদদের সঠিক সংখ্যা ও পরিচয় সংরক্ষিত নেই। এগুলো সংরক্ষণে তেমন কোনও উদ্যোগও গ্রহণ করেনি কর্তৃপক্ষ। তবে ছড়ানো ছিটানো ভাবে বিভিন্ন ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক উদ্যোগ লক্ষ্য করা গেছে।

রতনলাল চক্রবর্তী ‘মুক্তিযুদ্ধে শহীদ জগন্নাথ হল’ নামে একটি বই লিখেছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি শহীদ শিক্ষকদের নিয়ে একটি স্মরণিকা প্রকাশ করেছে। এছাড়া বাংলা, ইংরেজি, ইতিহাস ও দর্শনসহ বিভিন্ন বিভাগ বিভিন্ন অনুষ্ঠানের সময় স্বাধীনতা যুদ্ধের ওপর স্মরণিকা প্রকাশ করেছে যদিও সেগুলো সম্পূর্ণ ইতিহাসকে তুলে ধরতে পারেনি।

এছাড়া অধ্যাপক রফিকুল ইসলামের লেখা ‘স্বাধীনতা যুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়’, এবং এ রহিমের লেখা ‘হিস্ট্রি অফ ঢাকা ইউনিভার্সিটি’সহ বিভিন্ন লেখায় স্বাধীনতা যুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসকে আংশিকভাবে তুলে ধরা হয়েছে।

স্বাধীনতা যুদ্ধের ওপর ঢাবি কর্তৃপক্ষের বিভিন্ন প্রকাশনা রয়েছে। এর অন্যতম হলো রেজানুর রহমানের লেখা ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের গৌরবের আশি বছর’। এতে স্বাধীনতা যুদ্ধের ওপর লেখা একটি অধ্যায় রয়েছে।

কিন্তু এসব লেখায় স্বাধীনতা যুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবদানের ইতিহাস পুরোপুরিভাবে উঠে আসেনি। ঢাবি কর্তৃপক্ষ পুরো ইতিহাস প্রকাশনার কোন উদ্যোগও নেয়নি।

এমনকি স্বাধীনতা যুদ্ধের স্মৃতি ধরে রাখার জন্য জাদুঘর প্রতিষ্ঠারও কোনও উদ্যোগ নেই কর্তৃপক্ষের।

ঢাবি শিক্ষক সমিতির সভাপতি আআমস আরেফিন সিদ্দিক বলেন, আমাদের ভবিষ্যত প্রজন্মের জন্য স্বাধীনতা যুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবদানের ওপর একটি সম্পূর্ণ দলিল প্রকাশ এবং একটি জাদুঘর প্রতিষ্ঠা করা দরকার।

তিনি বলেন, সমিতি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে একটি পূর্ণাঙ্গ ইতিহাস রচনা এবং একটি জাদুঘর প্রতিষ্ঠার আগ্রহের কথা জানিয়েছে। কিন্তু কর্তৃপক্ষ এ ব্যাপারে এখনও কোনও সাড়া দেয়নি।

স্বাধীনতা যুদ্ধের গবেষক বিশ্ববিদ্রালয়ের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ডঃ আবু মোঃ দেলোয়ার হোসেন বলেন, স্বাধীনতা যুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবদানের একটি পূর্ণাঙ্গ ইতিহাস লেখা শুরু করেছিলেন অধ্যাপক রতনলাল চক্রবর্তী। কিন্তু তিনি বিদেশ চলে যাওয়ায় এ উদ্যোগ থেমে গেছে।

তিনি বলেন, এই মুহূর্তে স্বাধীনতা যুদ্ধের ওপরে কেউই গবেষণা করছেন না।

ঢাবির প্রকাশনা সংস্থার ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক আহমেদ কবির বিডিনিউজকে বলেন, স্বাধীনতা যুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবদানের ইতিহাস রচনার জন্য ২০০৪ সালে অধ্যাপক আনিস্জ্জুামান, অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী এবং তাকে নিয়ে চার সদস্যের একটি সম্পাদনা প্যানেল গঠন করা হয়। কিন্তু সেই প্রকল্প আজও আলোর মুখ দেখেনি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাজেটের সল্পতা, লেখকের অভাব এবং সম্পাদনা প্যানেলের সদস্যদের সময়ের অভাবে প্রকল্প শুরু করা যাচ্ছে না।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আফম ইউসুফ হায়দার বলেন, ‘এ বছর স্বাধীনতা যুদ্ধে ঢাবির অবদানের পূর্ণাঙ্গ ইতিহাস রচনা এবং জাদুঘর প্রতিষ্ঠার কোনও উদ্যোগ আমাদের নেই। তবে এ ব্যাপারে কোনও প্রস্তাব আসলে আমরা তা বিবেচনা করে দেখব’।

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ডাকসু সংগ্রহশালাই কেবল শহীদদের তালিকা ও পরিচয় সংরক্ষণ করেছে। তবে তা অসম্পূর্ণ।

অনেক বাধা বিপত্তির মাঝেও ডাকসু সংগ্রহশালার প্রধান রক্ষক, সাহসী মুক্তিযোদ্ধা গোপাল চন্দ্র এসব উপাদান সংগ্রহ করেছেন।

তিনি বলেন, ‘এখানে ৫২’র ভাষা আন্দোলন, ৬৯’র গণ অভ্যুত্থান, ৭১’র স্বাধীনতা যুদ্ধ এবং ৯০’র স্বৈরাচার বিরোধী আন্দোলনের অনেক মূল্যবান স্মারক সংরক্ষিত আছে। কিন্তু এগুলো সংরক্ষণের জন্য আমাদের পর্যাপ্ত জায়গা নেই’।