২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে প্রতি দশের মধ্যে এক দম্পতি বন্ধ্যাত্বজনিত সমস্যায় ভুগছে

পৃথিবীর একটি অন্যতম ঘনবসতিপূর্ণ দেশ হওয়া সত্ত্বেও বাংলাদেশে প্রতি দশ দম্পতির একজন বন্ধ্যাত্বজনিত সমস্যায় ভুগছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2005, 05:57 PM

Updated : 26 Apr 2022, 05:28 PM

রাজধানীতে বৃহষ্পতিবার এক আর্ন্তজাতিক সেমিনারে বক্তৃতায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন এ তথ্য জানান। সাম্প্রতিক সময়ে পরিচালিত এক গবেষণায় তথ্যটি পাওয়া গিয়েছে বলে তিনি উল্লেখ করেন।

ফার্টাইলিটি এন্ড স্টেরাইলিটি সোসাইটি অব বাংলাদেশ (এফএসএসবি) আয়োজিত সেমিনারে বাংলাদেশ ছাড়াও সিঙ্গাপুর ও ভারতের বিশেষজ্ঞরাও অংশগ্রহন করেছেন।

মন্ত্রী বলেন, বন্ধ্যাত্বের পেছনে শুধু জেনেটিক কারণই নয়, সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, ব্যক্তিগত জীবন ও মানসিক অবস্থার প্রভাব থাকতে পারে।

তবে তিনি বলেন যদি শুরু থেকে যথাযথ চিকিৎসা সেবা গ্রহণ করা যায়, বন্ধ্যাত্ব সমস্যা দূর করা সম্ভব। বন্ধ্যাত্ব চিকিৎসায় আধুনিক প্রযুক্তির ব্যবহার সন্তান ধারনের সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে বলে তিনি জানান।

বন্ধ্যাত্বজনিত সমস্যায় যে সব দম্পতি ভুগছেন তাদের জন্য সরকার পর্যাপ্ত চিকিৎসা সুবিধা নিশ্চিত করার ব্যবস্থা করবে বলে তিনি প্রতিশ্র“তি দেন।

তিনি আরও বলেন, রাজধানীর মোহাম্মদপুরে অবস্থিত ফার্টাইলিটি সেন্টারকে ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের সুবিধাসহ মা ও শিশু স্বাস্থ্য ইনিস্টিটিউটে রূপান্তরিত করা হবে। ওই ইনিস্টিটিউটে বন্ধ্যা দম্পতিদের চিকিৎসার জন্য একটি পৃথক ফার্টাইলিটি ইউনিট থাকবে বলে তিনি জানান। 

সেমিনারে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশনের সভাপতি অধ্যাপক এম এ হাদী ও এফএসএসবি সভাপতি অধ্যাপক টি এ চৌধুরী।