অনৈক্য স্বাধীনতার প্রকৃত শত্রু: স্বাধীনতা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী খালেদা জিয়া সকলের প্রতি ঐক্যবদ্ধ ও সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, অরক্ষিত স্বাধীনতা পরাধীনতারই নামান্তর। জাতীয় অনৈক্য, বিভেদ, বিভ্রান্তি ও বিশৃঙ্খলাই স্বাধীনতার প্রকৃত শত্রু। তাই সকলকে সচেতন ও সতর্ক হয়ে সব ধরনের বিভ্রান্তি ও বিভ্রম থেকে মুক্ত থাকতে হবে।
বৃহস্পতিবার ঢাকার ওসমানী মিলনায়তনে ‘স্বাধীনতা পুরস্কার ২০০৫’র বিতরণী অনুষ্ঠানে তিনি একথা বলেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মন্ত্রী পরিষদের সচিব ড. সা’দাত হোসাইন।
এ সময় মন্ত্রী পরিষদের সদস্য, বিচারপতি, কুটনীতিক ও সরকারী-বেসরকারী উর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
এ বছর স্বাধীনতা পুরস্কার পেয়েছেন জাতীয় বেতন কমিশনের চেয়ারম্যান মুজিবুল হক এবং আইসিডিডিআরবি। আইসিডিডিআরবি’র পক্ষে প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক পুরস্কার গ্রহণ করেন।
খালেদা জিয়া বলেন, সার্থকভাবে বাঁচার জন্য, জীবনকে সফল ও অর্থবহ করতে স্বাধীনতার প্রয়োজন। স্বাধীনতা অর্জন করা যেমন কঠিন, তেমনি কঠিন হচ্ছে একে সুসংহত ও সুপ্রতিষ্ঠিত করা। স্বাধীনতার সুযোগকে কাজে লাগিয়ে সকলের জীবনকে সার্থক, অর্থবহ, সফল ও সমৃদ্ধ করা আরো কঠিন কাজ।
তিনি বলেন, স্বাধীনতার পর কতিপয় ব্যক্তি, গোষ্ঠী ও দল এর সুফলকে কুক্ষিগত করার অপচেষ্টা চালিয়েছে। মুষ্টিমেয় ভাগ্যবান মানুষ সংখ্যাগরিষ্ঠের হক আত্মসাৎ করে ফুলে ফেঁপে উঠেছিল। সুবিচারের দাবি অন্ধ প্রকোষ্ঠে মাথা কুটে মরেছে। স্বাধীনতা প্রহসনে পরিণত হয়েছিল। জনগণ নতুন সংগ্রামের মাধ্যমে সেই অবস্থার পরিবর্তন ঘটিয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, অভাব, বেকারত্ব, অশিক্ষা, অপুষ্টি, রোগ-শোক, নারীসহ বিভিন্ন জনগোষ্ঠীর পশ্চাদপদতা, সম্পদের তুলনায় জনসংখ্যার আধিক্য, পরিবেশ দূষণ অর্থাৎ সার্বিক অনুন্নয়নই আমাদের দেশের স্বাধীনতার প্রতিপক্ষ। স্বাধীনতাকে অর্থবহ করতে এসব বাধা অতিক্রম করতে হবে।
তিনি বলেন, স্বাধীনতাকে ফলপ্রসু করার লক্ষ্যে পরিচালিত এসব উদ্যোগে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা চলছে। সামাজিক সুস্থিতি ও রাজনৈতিক স্থিতি বিনষ্ট করার এসব অপচেষ্টা প্রবল দৃঢ়তায় নস্যাৎ করতে হবে। তিনি এসব বাধা-বিপত্তি জয় করতে সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
