২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনা অঞ্চলের দু’টি বিদ্যুত কেন্দ্রের ৫টি ইউনিট অকেজো

যান্ত্রিক ত্র“টি এবং জ্বালানি সংকটের কারণে খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দুটি সরকারি বিদ্যুত উৎপাদন কেন্দ্রের সাতটি ইউনিটের মধ্যে তিনটি স্থায়ীভাবে ও দুটি মাঝে মাঝেই অকেজো হয়ে পড়ছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2005, 01:31 PM

Updated : 26 Apr 2022, 05:28 PM

এতে এ অঞ্চলের জেলাগুলোতে বিদ্যুত সমস্যা প্রকট আকার ধারণ করেছে।

বিদ্যুত সংকটের কথা স্বীকার করে খুলনা বিদ্যুত উৎপাদন কেন্দ্রের প্রধান প্রকৌশলী শামসুল হক বিডিনিউজকে বলেন, উৎপাদন হ্রাস পাওয়ায় জাতীয় গ্রীডে বিদ্যুত সরবরাহও কমে গেছে। এ কারণেই দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মাত্রাতিরিক্ত লোডশেডিং ও কোনো কোনো ক্ষেত্রে লো-ভোল্টেজ দেখা যাচ্ছে।

বিদ্যুত বিভাগের কর্মকর্তাদের মতে, অত্যন্ত পুরোনো উৎপাদন ইউনিটগুলো চাপ নিতে পারছে না। সংস্কারের অভাবে এগুলো প্রায়শই বন্ধ হয়ে যাচ্ছে। যে কোনো মুহুর্তেই বিদ্যুত ব্যবস্থায় বিপর্যয় ঘটতে পারে।

বিদ্যুত বিভাগের তথ্য অনুযায়ী, সচল ইউনিটগুলো উৎপাদিত বিদ্যুতের পরিমান চাহিদার তুলনায় অত্যন্ত নগণ্য। এ অঞ্চলে বিদ্যুতের চাহিদা ৫০০ মেগাওয়াট হলেও উৎপাদন হচ্ছে মাত্র ১৭০ থেকে ২০০ মেগাওয়াট।

খুলনা বিদ্যুত কেন্দ্রের চারটি ইউনিটের মধ্যে ৫৬ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন দুটি ইউনিট বেশ কিছুদিন ধরে বিকল রয়েছে। বাকী দুটিও গত ১০ ও ১৪ মার্চ বন্ধ হয়ে যায়।

কুষ্টিয়ার ভেড়ামারা বিদ্যুত কেন্দ্রের তিনটি ইউনিটের মধ্যে একটি স্থায়ীভাবে বন্ধ রয়েছে। বাকী দুটিও জ্বালানী সংকটের কারণে প্রায়ই বন্ধ থাকছে। সর্বশেষ গত ১৪ মার্চ এগুলো বন্ধ হয়ে যায়।

খুলনায় বেসরকারী উদ্যোগে প্রতিষ্ঠিত কেবিসিএল টাইগার প্ল্যান্টের উৎপাদন ক্ষমতা ১১০ মেগাওয়াট। তবে নানা সীমাবদ্ধতার কারণে চলতি সপ্তাহে মাত্র ৪০ থেকে ৭০ মেগাওয়াটের বেশি বিদ্যুত সরবরাহ করতে পারেনি।

এতে খুলনা জোনের আটটি পাটকল ও ব্যবসা প্রতিষ্ঠানের কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়েছে। বেশিরভাগ সময়ই এসব এলাকার মানুষ অন্ধকারে বসবাস করছে।