টঙ্গীতে ট্রেনের নিচে দুই সন্তানের জননীর আত্মহত্যা
টঙ্গীতে বৌ বাজার রেল ক্রসিং-এ ট্রেনের তলায় ঝাঁপিয়ে পড়ে বুধবার রুমা আক্তার (৩০) নামে দুই সন্তানের এক মা আত্মহত্যা করে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সোয়া সাতটার দিকে ওই মহিলা চিটাগাং মেইলের নীচে ঝাঁপিয়ে পড়ে। জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে সে আত্মহত্যা করে।
টঙ্গী পৌর এলাকার আরিচপুরে বসবাসকারী রুমা আক্তারের গ্রামের বাড়ি মাদারীপুর জেলায়। তার স্বামী শাহজাহান মিয়া একজন রিকশাচালক। তাদের দুইটি ছেলে রয়েছে।
জিআরপি পুলিশ জানায়, রুমা আক্তারের লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
