মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৫: ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগ
গাইবান্ধা ও রংপুরে কালবৈশাখিতে আরও ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ নিয়ে রোববারের ঝড়ে ওই দুজেলায় মৃতের সংখ্যা ৫৫তে দাঁড়িয়েছে।
বুধবার সকালে গাইবান্ধায় ঝড়ে আহত আরও তিনজন মারা যায়। তারা হলো, সুন্দরগঞ্জ উপজেলার তালুক সর্বানন্দ গ্রামের রেহানা (৩৫), সাহাবাজ গ্রামের মঞ্জু (২৭) এবং মধ্য রাজিবপুর গ্রামের জরিনা (৫৭)।
বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান মঙ্গলবার নিজস্ব তহবিল থেকে জেলার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য ত্রাণ সাহায্য হিসেবে এক হাজার ব্যাগ চাল মঞ্জুর করেন। তিনি নিজ হাতে কয়েক ব্যাগ চাল বিতরণ করেন।
বাকি ব্যাগগুলো নির্ধারিত তালিকা অনুযায়ী বিতরণের জন্য নলডাঙ্গা ইউনিয়ন বিএনপি’র সভাপতি অধ্যাপক আব্দুস সোবাহানের ওপর দায়িত্ব দেয়া হয়। অন্যদিকে, ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে বিতরণ না করে ওই চাল সভাপতি আত্মস্যাৎ করেছেন বলে ইউনিয়ন বিএনপি’র অপর একটি গ্র“প অভিযোগ করে।
এ ঘটনায় তারা আব্দুস সোবাহানকে ধাওয়া করলে তিনি পাশ্ববর্তী একটি হোটেলে আশ্রয় নেন। বিক্ষুদ্ধ কর্মীরা ওই হোটেলে গিয়ে তার ওপর হামলা চালায় এবং হোটেল ভাংচুর করে। হামলায় সোবাহান গুরুতর আহত হন।
বুধবার সকালে নলডাঙ্গায় প্রায় দু হাজার বিক্ষুদ্ধ ক্ষতিগ্রস্ত মানুষ রিলিফ বন্টনে অনিয়ম এবং ক্ষতিগ্রস্তদের তালিকা প্রণয়নে দলীয় করণের অভিযোগে মিছিল করে।
আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন সম্পাদিকা নাজমা রহমান বুধবার ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন এবং দক্ষিণ সাহাবাজ ও ধোপাডাঙ্গা এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ সাহায্য হিসেবে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন। প্রলয়ংকরী ঝড়ে ক্ষতিগ্রস্ত লোকজন চরম দুর্ভোগ পোহাচ্ছে। অথচ সরকারী ত্রাণ সহায়তা নিতান্তই অপ্রতুল বলে পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের কাছে অভিযোগ করেন।
বিগ্রেডিয়ার শহীদের নেতৃত্বে রংপুর ক্যান্টমেন্টের প্রায় দুই প্লাটুন সেনা সদস্য ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার তৎপরতা ও ক্ষতিগ্রস্তদের বাড়িঘর নির্মাণের কাজ শুরু করেছে। অন্যদিকে, স্যানিটেশন ও বিশুদ্ধ পানির অভাবে হাজার হাজার পরিবার এখনো চরম দুর্ভোগ পোহাচ্ছে।
এদিকে, খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় দেশের উত্তরাঞ্চলে রংপুর ও গাইবান্ধা জেলায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে গৃহ নির্মাণ বাবদ বুধবার নগদ এক লাখ ৫০ হাজার টাকা ও তিনশ বান্ডিল ঢেউটিন বরাদ্দ করেছে।
এরআগে মন্ত্রণালয় ওই দুজেলার ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে নগদ খয়রাতি সাহায্য হিসেবে দুই লাখ ৫০ হাজার টাকা, গৃহ নির্মাণ বাবদ ১২ লাখ টাকা, এবং দুই হাজার দুইশ বান্ডিল ঢেউটিন, তিনশ মেট্রিকটন খয়রাতি চাল, পাঁচশ মেট্রিকটন বিস্কুট ও সাতশ টি তাঁবু বরাদ্দ করে।
খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফের সভাপতিত্বে বুধবার মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সভায় এ বরাদ্দ দেওয়া হয়। মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মুহম্মদ ফজলুর রহমানসহ উচ্চ পদস্থ কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন বলে এক সংবাদ বিঞ্জপ্তিতে জানা গেছে।
