সাভারে ১৪ জনের রিমান্ডের আদেশ বাতিলের দাবি
সাভার থানার জামসিং এলাকার জয়পাড়ায় ১৪ ব্যক্তির রিমান্ডের আদেশ বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ লিগ্যাল এইড এ্যাণ্ড সার্ভিসেস ট্রাস্ট এবং কর্মজীবী নারী।
বুধবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানায়। সম্মেলনে অভিযোগ করা হয়, পুলিশ, ম্যাজিস্ট্রেট ও সন্ত্রাসীর সহায়তায় সাভার থানার জামসিং এলাকার জয়পাড়ায় প্রভাবশালী জনৈক রাবেয়া ভুঁইয়া প্রায় দুই একর জায়গায় বসবাসরত জনগনকে দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে নির্যাতন করছে। গত ২১ মার্চ জয়পাড়ার ২১ জন একটি মামলার হাজিরা দিতে গেলে ৭ জনের জামিন মঞ্জুর করে এবং বাকিদের জেলে পাঠিয়ে দেয়। এরপর থানার ওসি নজিরবিহীনভাবে ফ্যাক্সের মাধ্যমে রিমান্ডের আবেদন জানায় এবং পরে হাতে হাতে রিমান্ডের আবেদন নিয়ে আসে।
সম্মেলনে তারা আরও জানান, সাভার থানার জয়পাড়ায় প্রায় দুই একর জায়গা জুড়ে অবস্থিত এ এলাকায় প্রায় পঞ্চাশ থেকে ষাটটি পরিবার বাস করে। ১৯৯৪ সাল থেকে রাবেয়া ভুঁইয়া এ জায়গার জন্য নানাভাবে তাদের হয়রানি করে আসছে। তারা বিভিন্ন সময়ে পুলিশকে প্রভাবিত করে চুরি, ভাংচুর ও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য মামলা করে আসছে।
