২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিভিন্ন স্থানে কালবৈশাখী : নিহত ২৩, আহত ৫ শতাধিক, নিখোঁজ ৩১, বিস্তীর্ণ এলাকা লন্ডভন্ড, জনজীবন বিপর্যস্ত

মঙ্গলবার রাত ও বুধবারের কালবৈশাখী ঝড়ে দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশুসহ ২৩ জন নিহত ও আরও পাঁচ শতাধিক মানুষ আহত হয়েছে। এ সময় নৌকা ও ট্রলার ডুবিতে আরও কমপক্ষে ৩১ জন নিখোঁজ হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2005, 09:50 PM

Updated : 26 Apr 2022, 05:28 PM

এদের মধ্যে চাঁদপুরে সাতজন, হবিগঞ্জে চারজন, ফরিদপুর, কিশোরগঞ্জ ও ঝিনাইদহে দুজন করে এবং মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, কুমিল্লা, সাতক্ষীরা, যশোর ও পাবনায় একজন করে মারা গেছে বলে বিডিনিউজের প্রতিনিধিদের পাঠানো খবরে বলা হয়েছে।

এদিকে ২০ মার্চ গাইবান্ধায় ঝড়ের কবলে পড়ে আহত আরও তিনজন বুধবার মারা গেছে।

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মঙ্গলবার রাত ও বুধবার দিনভর ঝড়বৃষ্টিতে জনজীবন চরমভাবে ব্যাহত হয়। এসময় বিস্তীর্ণ এলাকায় গাছপালা উপড়ে পড়া ও ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। এতে ফসলেরও ব্যাপক ক্ষতি হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর নদীবন্দর এলাকাগুলোতে দুই নম্বর সতর্কতা সংকেত  দেখাতে বলেছে।

বিআইডব্লিউটিএ বুধবারের ঝড়ের কারণে ঢাকার সাথে দেশের বিভিন্ন স্থানে লঞ্চ চলাচল বন্ধ রেখেছে। তবে বরিশাল থেকে মাত্র একটি লঞ্চ ছেড়ে গেছে।

বিমান অফিস জানিয়েছে, খারাপ আবহাওয়ার কারণে তাদের দুটি ফ্লাইট চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। এর মধ্যে একটি মঙ্গলবার সন্ধ্যায় এবং অপরটি বুধবার বিকেলে।

ঢাকা, সিলেট, খুলনাসহ দেশের বিভিন্ন স্থানে টেলিযোগাযোগ ও বিদ্যুত ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে। চুয়াডাঙ্গায় বুধবার বিকেল পাঁচটার পর থেকেই বিদ্যুত বিচ্ছিন্ন হয়ে রয়েছে। এছাড়াও বিভিন্ন এলাকা থেকে বিদ্যুত ও টেলিযোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ার খবর পাওয়া গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে চাঁদপুর প্রতিনিধি জানান, মঙ্গলবার রাত পৌনে ৮টা থেকে ৮টার মধ্যে মাত্র ১৫ মিনিটের ঝড়ের তাণ্ডবে বিস্তীর্ণ এলাকার শত শত কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়, গাছ-পালা উপড়ে পড়ে। এতে এক শিশুসহ সাতজন নিহত ও একজন নিখোঁজ রয়েছে। এছাড়াও আরও দুই শতাধিক লোক আহত হয়েছে বলে জানা যায়।

ঝড়ের সাথে সাথে পুরো এলাকায় বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। জেলার সাথে থানাগুলোর টেলিযোগাযোগও বিচ্ছিন্ন রয়েছে।

পুলিশ সুপার মোখলেসুর রহমান বিডিনিউজকে জানান, হাজীগঞ্জের রান্দুনীমুড়া গ্রামের রনি (৩), ধেররা গ্রামের রেজিয়া বেগম, (৬০) সাহারাস্তির রাগৈ গ্রামের রীনা আক্তার (১২), ফরিদগঞ্জের চালিয়া গ্রামের সবুরা খাতুন (৬০) ও শক্তিরামপুর গ্রামের তোফাজ্জল মিজি (৫০) বিধ্বস্ত ঘরবাড়ি ও গাছপালা চাপা পড়ে মারা যায়। এছাড়া  সাহারাস্তির চান্দাইল গ্রামের মুক্তিযোদ্ধা মফিজুর রহমান (৮০), ফরিদগঞ্জের গোবিন্দপুর গ্রামের মাদ্রাসা শিক্ষক হাবিবুর রহমান (৭৩) বজ্রপাতে নিহত হয়। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

প্রবল ঝড়ে জেলা সদরের আলুবাজার এলাকায় নৌকা ডুবে শরিয়তপুর নিবাসী ইউনুস সরদার (৫০) নিখোঁজ হয়।

এদিকে ঝড়ের কবলে পড়ে চাঁদপুর সদরের বিকল্প লঞ্চঘাট এলাকায় দুটি বালুভর্তি জাহাজ ডুবে যায়।  এ রিপোর্ট লেখা পর্যন্ত এগুলো উদ্ধার করা যায়নি।

মানিকগঞ্জ প্রতিনিধি জানান, মঙ্গলবার রাতে ঝড়ের সময় ঘিওর উপজেলা এলাকায় বজ্রপাতে শতাধিক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়। এতে উপজেলার হিজুলিয়া গ্রামের গোলাম মোস্তফা (২৮) নিহত ও তার স্ত্রী পারুলী বেগম আহত হয়।

অন্যদিকে বুধবার বিকেলের ঝড়ে সাটুরিয়া উপজেলার প্রায় ১৫টি গ্রামের দুশতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়। এতে পাঁচ শতাধিক গাছপালা বিধ্বস্ত হয়। সাটুরিয়া এলাকায় ৩ জন গুরুতর আহত হয়।

এ সময় পাটুরিয়া-দৌলতদিয়া-নগরবাড়ি রুটে প্রায় দুঘন্টা লঞ্চ চলাচল বন্ধ থাকে। ঢাকা-আরিচা মহাসড়ক ও অন্যান্য সংযোগ সড়কে গাছপালা উপড়ে পড়ায় যান চলাচলে বিঘœ ঘটে। ঝড়ের পর বেশ কিছুসময় বিদ্যুত সরবরাহ বিচ্ছিন্ন থাকে।

পাবনা প্রতিনিধি জানান, মঙ্গলবার ঝড়ের সময় বজ্রপাতে ভাঙুরা উপজেলায় রানা (২৮) নামে একজন নিহত ও অপর তিনজন আহত হয়।

হবিগঞ্জ প্রতিনিধি জানান, জেলায় বুধবার ঝড়ের সময় বজ্রপাতে চার জন নিহত হয়েছে। তবে তাদের নাম জানা যায়নি।

ফরিদপুর প্রতিনিধি জানান, মঙ্গলবার রাতে জেলার পাঁচটি উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ে দুজন নিহত ও অর্ধশতাধিক আহত হয়েছে। নিহতরা হচ্ছে, বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের শিলাহাটি গ্রামের ওদুদ (৮০) এবং ময়না ইউনিয়নের ভেলানগর গ্রামের জিয়া শেখ (৪৫)। তারা ঘরের নিচে চাপা পড়ে মারা যায় বলে জানা গেছে।

ক্ষতিগ্রস্ত উপজেলাগুলো হচ্ছে, বোয়ালমারী, ভাঙ্গা, নগরকান্দা, সদরপুর ও ফরিদপুর সদর। এতে প্রায় পাঁচশ কাঁচা-পাকা ঘরবাড়ি বিধ্বস্ত ও রবিশস্যের ব্যাপক ক্ষতি হয়েছে। বেশকিছু শিক্ষা প্রতিষ্ঠানও এতে ক্ষতিগ্রস্ত হয়েছে।

মুন্সিগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, বুধবার ঝড়ে জেলার সিরাজদিখান উপজেলার রাজদিয়ায় ইছামতি নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে মরণচন্দ্র দাস (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এতে বেশ কয়েক জন আহত হয়েছে।

কিশোরগঞ্জ প্রতিনিধি জানান, বুধবার ঝড়ের সময় বজ্রপাতে দুজন নিহত হয়েছে। এরা হচ্ছে, হারেঞ্জা এলাকার আব্দুল কাইয়ুম (১৩) এবং পাকুন্দিয়া উপজেলার কোদালিয়া গ্রামের সুফিয়া খাতুন (২৫)। এছাড়াও জেলার বিভিন্ন স্থানে ঝড়ের কবলে পড়ে আরও বেশ কয়েকজন আহত হয়েছে।

শরিয়তপুর প্রতিনিধি জানিয়েছেন, মঙ্গলবার ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ৫০ জন আহত হয়েছে।

ঝিনাইদহ প্রতিনিধি জানান, বুধবার সন্ধ্যায় ঝড়ে জেলার মহেশপুরের পুরোপাড়ায় দুজন নিহত হয়েছে। এদের মধ্যে একজনের নাম আজগর আলী।

যশোর থেকে প্রতিনিধি জানান, জেলার শার্শাতে বিকেলে ঝড়ের কবলে পড়ে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া জেলার খাজুড়া পুলিশ ক্যাম্পটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। এতে কয়েকজন আনসার আহত হয়েছে বলে জানা গেছে।

নোয়াখালী প্রতিনিধি জানান, জেলায় মঙ্গলবার রাতে ঝড়ে ট্রলার ও নৌকা ডুবে ৩০ জন জেলে নিখোঁজ ও অন্তত ২০ জন আহত হয়েছে।

ফেনী প্রতিনিধি জানান, জেলার দাগনভূঞায় মঙ্গলবার রাতের ঝড়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ প্রায় অর্ধশত ঘর বাড়ি ধসে পড়েছে।

বরিশাল প্রতিনিধি জানান,  দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ২৮ অভ্যন্তরীণ রুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে।