২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা কেন্দ্রীয় কারাগারে এক যুবকের মৃত্যু

ঢাকা কেন্দ্রীয় কারাগারে মঙ্গলবার ভোরে এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত যুবকের নাম হাশেম (২৮), পিতা জমির উদ্দিন। তার গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার আড়া গ্রামে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2005, 09:10 PM

Updated : 26 Apr 2022, 05:28 PM

কারাগারের একটি সূত্র জানায়, মঙ্গলবার ভোর পৌনে পাঁচটায় গুরুতর অসুস্থ অবস্থায় হাশেমকে কাশিমপুর জেলখানা থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে চিকিৎসার জন্যে আনা হলে সে গেটেই মারা যায়।

মৃত যুবক সাজাপ্রাপ্ত আসামি নাকি হাজতি এ ব্যাপারে জেল কর্তৃপপক্ষ সঠিক কিছু জানাতে পারেনি।

এ ঘটনায় লালবাগ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

সূত্র জানায়, হাশেমের মৃত্যু সংবাদে কারা অভ্যন্তরে অন্যান্য সাজাপ্রাপ্ত আসামি এবং হাজতিদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তারা এ ঘটনার প্রতিবাদ করে। এক পর্যায়ে তাদের সাথে কারারক্ষীদের মারামারি হয় বলেও সূত্র জানায়। এই ঘটনায় কমপক্ষে ২০ জন আহত হয়েছে বলে সূত্র জানায়।

সূত্র আরও জানায়, ঘটনার পর কারা কর্তৃপক্ষ সাতজন কারারক্ষীকে বরখাস্ত করেছে।

অপর একটি সূত্র জানায়, সংঘর্ষের সময় কারা অভ্যন্তরে  থাকা শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম ও তার সঙ্গীরাও এতে জড়িয়ে পড়ে এবং কারারক্ষীদের মারধোর করে।

এ ব্যাপারে জেল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে তারা সংঘর্ষ এবং যুবকের মৃত্যুর কথা অস্বীকার করে বলে পুরো বিষয়টিই একটি ‘গুজব’।