শাবিপ্রবি’র সিণ্ডিকেট ও একাডেমিক কাউন্সিলে ২২ শিক্ষকের মনোনয়নপত্র দাখিল
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের শিক্ষক প্রতিনিধি নির্বাচনে মঙ্গলবার সিন্ডিকেটের দুটি ও একাডেমিক কাউন্সিলের চারটি পদে বামপন্থী প্যানেলে ১৪ জন এবং ডানপন্থী প্যানেলে আট জন শিক্ষক মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সিন্ডিকেটের অধ্যাপক বা সহযোগী অধ্যাপক ক্যাটাগরিতে ডান প্যানেলে ডঃ সাজেদুল করিম এবং অন্যান্য ক্যাটাগরিতে মুর্শেদ চৌধুরী ও শফিকুর রহমান চৌধুরী মনোনয়নপত্র দাখিল করেছেন।
অন্যদিকে বাম প্যানেলে অধ্যাপক এবং সহযোগী অধ্যাপক ক্যাটাগরিতে মনোনয়নপত্র জমা দিয়েছেন ড. কবির হোসেন, ড. সুশান্ত কুমার দাশ ও ড. রাশেদ তালুকদার এবং অন্যান্য ক্যাটাগরিতে হাসানুজ্জামান শ্যামল, ড. আব্দুল গনি, জহির উদ্দিন আহমেদ।
একাডেমিক কাউন্সিলের চারটি পদে বামপন্থী প্যানেলের আট প্রার্থী হচ্ছেন ড. কবির হোসেন, ডঃ সুশান্ত কুমার দাশ, ডঃ নাজিয়া চৌধুরী, আনোয়ার হোসেন দীপু, বেলায়েত হোসেন স্বপন, দীপেন দেবনাথ, হিমাদ্রি শেখর রায় ও ডঃ আব্দুল গণি।
একই পদে ডানপন্থী প্রার্থীরা হচ্ছেন আহমদ কবির চৌধুরী, ডঃ মোস্তফা হাসান, মুর্শেদ চৌধুরী ও তৌফিক মাহমুদ।
বুধবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।
উল্লেখ্য, প্রায় আট মাস আগে সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের শিক্ষক প্রতিনিধিদের মেয়াদ শেষ হওয়ার পর আগামী ৩১ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে।
