বন্ধুর মাকে হত্যার দায়ে কিশোরগঞ্জে এক যুবকের যাবজ্জীবন
কিশোরগঞ্জে চাঞ্চল্যকর শরীফা খাতুন হত্যা মামলার রায়ে একমাত্র আসামী শাহজাহান আলী (২০)-কে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও পাঁচ মাসের কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।
কিশোরগঞ্জের জেলা ও দায়রা জজ ভবানীপ্রসাদ সিংহ বুধবার এ রায় দেন।
মামলার বিবরণে জানা যায়, ২০০৩ সনের চার আগস্ট গভীর রাতে জেলা শহরের নগুয়া এলাকায় শাহজাহান তার বন্ধুর মা শরীফা খাতুনকে চাপাতি দিয়ে উপর্যুপরি আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে তাকে পুলিশ গ্রেফতার করে।
গ্রেফতারের পর শাহজাহান ম্যাজিস্ট্রেটের কাছে নিজের দোষ স্বীকার করে। সে জানায়, শরীফা খাতুন তার বড় ছেলের বিপথগামিতার জন্য তাকে দোষারোপ করে চড় মারে। এতে সে ক্ষিপ্ত হয়ে শরীফা খাতুনকে খুন করে।
এ ব্যাপারে নিহতের স্বামী নুরুজ্জামান পরদিন সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
বাদী পক্ষে পিপি খন্দকার মো: শাহজাহান ও আসামী পক্ষে এ্যাডভোকেট মিয়া মো: ফেরদৌস মামলা পরিচালনা করেন।
