যৌতুকের অভাবে ঘর বাঁধার স্বপ্ন ভেঙ্গে গেল দুই কনের
বিয়ের সকল প্রস্তুতি সম্পন্ন হওয়ার পর বরপক্ষের যৌতুকের দাবি পুরণ করতে ব্যর্থ হওয়ায় কোম্পানিগঞ্জে দু’মেয়ের বিয়ে ভেঙ্গে গেছে।
জানা যায়, গত রোববার ছিল উপজেলার চরহাজারী গ্রামের মোঃ হানিফের কন্যা আজিমা খাতুন (১৯) এর সাথে রামপুর গ্রামের সৈয়দ আহমেদের ছেলে ইমাম উদ্দিনের বিয়ের নির্ধারিত দিন। কিন্তু বিয়ের আগের দিন বরের বড় ভাই যৌতুক হিসেবে একটি রঙ্গিন টেলিভিশন এবং নগদ ৩০ হাজার টাকা দাবি করে। অন্যদিকে কনের বাবা যৌতুক দিতে অপারগতা প্রকাশ করলে বিয়ে ভেঙ্গে যায়।
একই উপজেলার মুছাপুর গ্রামের খলিলুর রহমানের কন্যা রোকেয়া বেগম (২০) এর সঙ্গে শুক্রবার চরপার্বতী গ্রামের হাজি আব্দুল কাদেরের ছেলে আবুল হোসেনের বিয়ের তারিখ নির্ধারিত ছিল । কিন্তু বর পক্ষের দাবিকৃত রঙ্গিন টেলিভিশন, রেফ্রিজারেটর এবং বিদেশ যাওয়ার টাকা দিতে না পারায় বর বিয়ের আসরে উপস্থিত হয়নি এবং বিয়ে ভেঙ্গে যায়।
এ ব্যপারে দুই কনের পরিবারের পক্ষ থেকে কোম্পানিগঞ্জ থানায় পৃথক দুটি অভিযোগ দায়ের করা হয়েছে।
