২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'নিরাপদ পানির অভাবে দেশে প্রতিদিন ৩৪২ জন শিশুর মৃত্যু হচ্ছে'

নিরাপদ পানির অভাব, অপর্যাপ্ত স্যানিটেশন ব্যবস্থা এবং পরিস্কার-পরিচ্ছন্নতার অভাবে দেশে প্রতি বছর পাঁচ বছরের কম বয়সী সোয়া এক লাখ শিশুর মৃত্যু হচ্ছে। প্রতিদিন গড়ে শিশু মৃত্যুর হার হচ্ছে ৩৪২ জন। চিকিৎসা খাতে দেশে প্রতি বছর ব্যয় হচ্ছে পাচঁ হাজার কোটি টাকা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2005, 01:33 PM

Updated : 26 Apr 2022, 05:28 PM

আন্তর্জাতিক পানি দিবস উপলক্ষে মঙ্গলবার এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া এ তথ্য দেন। এনজিও ফোরাম ‘জীবনের জন্য পানি: আমাদের চ্যালেঞ্জ’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে। আইডিবি মিলনায়নে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী খুরশেদ আলম।

বক্তব্য রাখেন পানি সম্পদ মন্ত্রী হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. ডুয়াংভাদি সুংখোবল, ইউনিসেফের প্রতিনিধি মরটিন গিরসিং, স্থানীয় সরকার বিভাগের সচিব আবুল কাশেম চৌধুরী ও যুগ্ম সচিব মোখলেসুর রহমান।

আব্দুল মান্নান ভূঁইয়া বলেন, ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ, খরা-অনাবৃষ্টি এবং অধিক ফসল উৎপাদনের জন্য ভূ-গর্ভস্থ পানি উত্তোলন, নদীর উজানে একের পর এক বাঁধ নির্মাণের ফলে নিরাপদ পানির অভাব দিন দিন বাড়ছে। এতে দেশের প্রাকৃতিক ভারসাম্য বিনষ্ট হচ্ছে।

তিনি বলেন, পানি দূষণ ও পানিবাহিত রোগ-ব্যাধি জনস্বাস্থ্যের ওপর মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলছে। পরিবেশের প্রতি মানুষের অপরিণামদর্শী আচরণের কারণে নিরাপদ পানি ক্রমেই নাগালের বাইরে চলে যাচ্ছে।

হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম বলেন, পানির সীমাহীন চাহিদা মেটাতে ভূ-গর্ভস্থ পানির দিকে হাত বাড়ানোর কারণে মাটির তলার জলভাণ্ডার নিঃশেষ হতে বসেছে। দেশের ৬১টি জেলার ২৭১টি উপজেলার পানি আর্সেনিক আক্রান্ত হয়ে পড়েছে। ৩৬টি জেলার অগভীর নলকুপ অচল হয়ে পড়েছে।

তিনি বলেন, ভারত ব্রহ্মপুত্র  নদীর পানি প্রত্যাহারের জন্য প্রায় ১২০ মিলিয়ন ডলার ব্যয়ে আন্ত:নদী সংযোগ প্রকল্প নিয়েছে। দু’দেশের মধ্যে একটি যৌথ নদী কমিশন থাকলেও এক্ষেত্রে তা কার্যকর ভূমিকা পালন করতে পারছে না। তবুও বাংলাদেশ প্রকল্পটি বাতিল করতে চেষ্টা চালাচ্ছে।