২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতারকের ফাঁদে পড়ে সর্বস্ব হারিয়েছে বাগেরহাটের ১৫ পরিবার

বাগেরহাটে এক প্রতারকের ফাঁদে পড়ে সর্বস্ব হারিয়েছে ১৫টি পরিবার। বিদেশে পাঠানোর কথা বলে হাসান সরকার নামে এক লোক প্রতারণার মাধ্যমে ওই সমস্ত পরিবারের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2005, 07:50 PM

Updated : 26 Apr 2022, 05:28 PM

ক্ষতিগ্রস্তরা টাকা আদায়ের জন্য প্রশাসনসহ বিভিন্নমহলে ধর্ণা দিয়েও কোনো প্রতিকার পাচ্ছে না। বরং অভিযোগ করতে গেলে সন্ত্রাসীরা তাদের বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করছে বলে জানা যায়।

অন্যদিকে, অবৈধ ভাবে অর্থ খরচ করে এবং রাজনৈতিক প্রতিপত্তির দোহাই দিয়ে বরাবরই সে ধরা-ছোঁযার বাইরে থেকে যাচ্ছে।

ক্ষতিগ্রস্তরা জানায়, একাধিক পরিবারের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে বাগেরহাট সদর থানা পুলিশ গত ২৫ ডিসেম্বর হাসান সরকারকে আটক করলেও পরের দিনই সে আদালত থেকে জামিনে বের হয়ে আসে। এ সময় প্রতারণার শিকার তিন ব্যক্তি সুনির্দিষ্ট অভিযোগ এনে বাগরেহাট থানায় মামলা করতে চাইলেও স্থানীয় ক্ষমতাসীন মহলের চাপ এবং টাকা পরিশোধের আশ্বাসের কারণে পরে আর মামলা করতে পারেননি।

সদর থানায় আটকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাসান নিজেকে ঢাকা থেকে প্রকাশিত দৈনিক শক্তি পত্রিকার বিশেষ প্রতিবেদক এবং তার স্ত্রী পান্নাকে একই প্রত্রিকার বাগেরহাট ব্যুরো প্রধান বলে দাবি করেন। এছাড়াও তিনি ঢাকার এনাম এন্টারপ্রাইজ নামে ম্যান পাওয়ার এজেন্সির এজেন্ট বলে পরিচয় দেন। ওই এন্টারপ্রাইজের মাধ্যমে তিনি বেশ কিছু মানুষকে দেশের বাইরে পাঠিয়েছেন বলেও জানান।

জানা যায়, এলাকার মানুষদের কাছে হাসান বিশেষ একটি পরিচয়পত্র দেখিয়ে বলে বেড়ায়, ক্ষমতাসীন দলের নেতা, মন্ত্রী ও প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সাথে তার সুসম্পর্ক রয়েছে।

দক্ষিণ কোরিয়া, সৌদি আরব, সিংগাপুর, মালয়েশিয়া, ইতালীসহ বিভিন্ন দেশে উচ্চ বেতনের চাকরির লোভ দেখিয়ে হাসান গত এক যুগ ধরে বাগেরহাটের বিভিন্ন এলাকার মানুষের সাথে প্রতারণা করে আসছে। ক্ষতিগ্রস্তরা অভিযোগ করেন, তারা নিজেদের ভিটেমাটি বিক্রি করে হাসানকে প্রায় ৫০ লাখ টাকা দিয়েছে। তারা ধারণা করছেন, হাসান সংঘবদ্ধ কোনো প্রতারক চক্রের সাথে জড়িত।