২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কালবৈশাখী ঝড়ে গাইবান্ধা ও রংপুরে নিহতের সংখ্যা ৩৮ জনে দাঁড়িয়েছে

উত্তরবঙ্গের গাইবান্ধা ও রংপুর জেলার ওপর দিয়ে রোববার বয়ে যাওয়া প্রলয়ংকরী কালবৈশাখী ঝড়ে নিহতের সংখ্যা বেড়ে ৩৮ জনে দাঁড়িয়েছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিডিনিউজ প্রতিনিধি সোমবার এ তথ্য জানান।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2005, 06:50 PM

Updated : 26 Apr 2022, 05:28 PM

অন্যদিকে, সরকারি কর্মকর্তারা গাইবান্ধায় ২৫ জনসহ মোট ২৮ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তারা জানান, ঝড়ে আহতের সংখ্যা সাতশ’রও বেশি।

নিহত ৩৮ জনের মধ্যে ২৬ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন - রঞ্জু (১৮), রোজিনা (২০), আলমগীর (২০), জাকিরুল (৩০), সাহানা (২০), আবদুস সাত্তার (৩৫), আব্দুল গফুর (৩৫), মোজাহার (৩০), নুরজাহান (২৮), জোবেদা (৩০), স্বাধীন (৬), মোজাহার (২০), লিটন (২২),হামিদ (৪০), মোস্তফা (৪৫), মোনালিসা (১১), শান্তনা (২৪),মঞ্জু (২৫), বড় আলম (৪০), অন্তরা (২০), চান মিয়া (৩৫), ফুলমতি (২৪), রুবিনা (২০), সমশের (৪১), সিরাজুল মাস্টার (৪০) এবং  আবেদ আলী (৩৪)।

এর মধ্যে  ২৮ জন ঘর-বাড়ি ও গাছ চাপা পড়ে নিহত হয়েছে। তিন জন গাইবান্ধা সদর হাসপাতাল এবং চার জন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রাণ হারায়। আহতদের তিনশ জনকে গাইবান্ধা সদর হাসপাতাল, ৫০ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং বাকিদের স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

গাইবান্ধা জেলার সাদুল্যাপুর ও সুন্দরগঞ্জ উপজেলা এবং রংপুরের মিঠাপুকুরের ওপর দিয়ে রোববার ঘন্টায় প্রায় ৯০ কিলোমিটার গতিবেগে প্রলয়ংকরি ঘূর্ণিঝড়টি বয়ে যায়। ঝড়ের তাণ্ডবে নলডাঙ্গা ইউনিয়নের আংশিক, কিশামত হামিদ, পূর্ব খামার দশলিয়া, পশ্চিম খামার দশলিয়া, দশলিয়া, প্রভাত, হলদিয়া বাজার, দক্ষিণ সাহাবাজার, দক্ষিণ রাজিবপুর, পশ্চিম রাজিবপুর, কুঠিপাড়া, চুপামারুয়া, সর্বানন্দ, শাহবাজ গ্রাম এবং বন্দর এলাকার হাজার হাজার ঘরবাড়ি ও গাছপালা বিধ্বস্ত হয়। পুরো এলাকায় বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্তহয়ে পড়েছে । প্রায় ২৫ হাজার মানুষ এখন খোলা আকাশের নিচে বাস করছে।

প্রতক্ষ্যদর্শীরা জানান, গাইবান্ধা সদর হাসপাতাল, সাদুল্যাপুর ও সুন্দরগঞ্জ সরকারি চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা সুবিধা নেই বললেই চলে। সব রোগী মেঝেতে পড়ে ছিল সারা রাত। বেড ও ঔষধ নেই।  ক্ষতিগ্রস্তদের মধ্যে পাঁচ টন চাল ও ৪০ টিন বিস্কুট বিতরণ করা হয়েছে, যা ছিল নিতান্তই সামান্য।

গাইবান্ধা জেলার ডিসি তপন চন্দ্র মজুমদার দুর্যোগ কবলিত স্থানগুলো পরিদর্শন করেন।

ডিসি তপন চন্দ্র মজুমদার বিডিনিউজকে বলেন, জেলা প্রশাসন ঘূর্ণিঝড় কবলিত এলাকা থেকে এ পর্যন্ত ২৪টি মৃতদেহ উদ্ধার করেছে এবং উদ্ধার তৎপরতা এখনও চলছে। 

প্রাথমিক তথ্য অনুযায়ী ধানসহ বেশির ভাগ ফসল বিনষ্ট হয়েছে। কয়েকশ ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে এবং ব্যাপক সংখ্যক গাছপালা উপড়ে গেছে।

আমাদের রংপুর প্রতিনিধি জানান, মিঠাপুকুর উপজেলায় চার জন নিহত হয়েছে। তারা হলেন, সাইফুল্লাহ (১৮), জরিনা (৩৫), শাহ জামান (২৭), এবং সাকা (৩৮)।

জেলার সবচে’ ক্ষতিগ্রস্ত এলাকাগুলো হচ্ছে, ইমদপুর ইউনিয়নের  জামালপুর, দিঘর, ইমতপুর, পূর্বপাড়া, করাতিপাড়া, ঘান্দারপাড়া, জামালপুর পূর্বপাড়া, সাহাপাড়া, মধ্যপাড়া ও রাধাকৃষ্ণপুর এবং হরিপুর ইউনিয়নের নুরপুর।

ঝড়ে দুশর মত পাকা, আধা পাকা, এবং খড়ের ঘর বিধ্বস্ত হয়েছে। হাজার হাজার গাছ-পালা উপড়ে গেছে এবং প্রচুর ফসল বিনষ্ট হয়েছে।

ত্রাণ ও  দুর্যোগ ব্যবস্থাপনা উপমন্ত্রী আসাদুল হাবিব দুলু ক্ষতিগ্রস্ত জেলা দুটি পরিদর্শন করেছেন।

অগ্নি নির্বাপক দল এবং এনজিও কর্মীসহ উদ্ধারকারীরা এখনও উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে।