রেলওয়ের জন্য ইন্দোনেশিয়া থেকে ৫০টি প্যাসেঞ্জার ক্যারেজ আনা হচ্ছে
সরকার রেলওয়ে যাত্রী সেবার মানোন্নয়নের লক্ষ্যে ইন্দোনেশিয়া থেকে পঞ্চাশটি আধুনিক ব্রডগেজ প্যাসেঞ্জার ক্যারেজ সংগ্রহের পদক্ষেপ নিয়েছে। বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়নে ৮৬ কোটি ৯৪ আখ ৩৪ হাজার টাকা ব্যয়ে শীততাপ স্লিপার, শীততাপ চেয়ার কার এবং শোভন চেয়ার কারসহ অন্যান্য প্যাসেঞ্জার ক্যারেজসমুহ আগামী কয়েক মাসের মধ্যে বাংলাদেশে এসে পৌঁছবে।
রেলভবন সম্মেলন কক্ষে সোমবার যোগাযোগ মন্ত্রী ব্যারিষ্টার নাজমুল হুদার উপস্থিতিতে বাংলাদেশ রেলওয়ে এবং ইন্দোনেশিয়ার রাষ্ট্রীয় রেলওয়ে শিল্প প্রতিষ্ঠান পিটি ইণ্ডাষ্ট্রিজ কেরিটা এপিআই’র মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে এপিআই’র পক্ষে প্রেসিডেন্ট রোস ডয়েটমোকা এবং বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) মো: আব্দুল্লাহ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত ওয়ারমাস হাসান সাপুত্র, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আ.ফ.ম
মোস্তাফিজুর রহমান, ইন্দোনেশীয় দূতাবাস, যোগাযোগ মন্ত্রনালয় এবং বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের ঊর্দ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।
