জিয়াউর রহমানই দেশে প্রথম ধর্মভিত্তিক রাজনীতি শুরু করেন: জিল্লুর রহমান
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জিল্লুর রহমান বলেছেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানই দেশে সর্বপ্রথম ধর্মভিত্তিক রাজনীতি চালু করেছেন।
জিল্লুর রহমান বলেন, সাম্প্রদায়িকতার পথকে পরিষ্কার করতে জিয়াউর রহমান সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা শব্দটি বাদ দিয়েছেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত ‘বঙ্গবন্ধু এবং ধর্মনিরপেক্ষতা ও বর্তমান বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে জিল্লুর রহমান বলেন, রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোলাম আজমকে ফিরিয়ে এনেছেন এবং তার নাগরিকত্ব পুনর্বহাল রেখেছেন।
বঙ্গবন্ধু বাংলাদেশকে ধর্মনিরপেক্ষতার দিক থেকে সকল সম্প্রদায়ের জন্য একটি দেশের ক্ষপ্ন দেখেছিলেন। কিন্তু জিয়া এবং বর্তমান সরকার এ দেশকে মৌলবাদী, উগ্রপন্থি ও সাম্প্রদায়িকতার স্বর্গে পরিণত করেছে।
তিনি জোট সরকারকে দায়ী করে বলেন, তারা বিদেশে দেশের ভাবমূর্তি ধ্বংস করে ফেলেছে।
জিল্লুর রহমান সন্ত্রাসী কর্মকাণ্ড এবং বিচার বহির্ভূত হত্যার পথ পরিহার এবং দেশ জুড়ে নৈরাজ্য সৃষ্টি না করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
আলোচনা সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক হারুন-অর-রশিদ মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি আআমস আরেফিন সিদ্দিক, বাংলাদেশ ইউনিয়ন অব ফেডারেল জার্নালিস্ট এর সভাপতি ইকবাল সোবহান চৌধুরী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মাহবুবুর রহমান, জাসদ ছাত্রলীগের সভাপতি শরিফুল কবির স্বপন, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি বাকি বিল্লাহ, জাতীয় ছাত্র ঐক্যের সভাপতি জুয়েল আহমেদ খান এবং বাংলাদেশ ছাত্র সমিতির যুগ্ম আহ্বায়ক মোস্তাক আহমেদ।
