২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিলাবৃষ্টিতে ফসল ও ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি, বজ্রপাতে ১ কৃষকের মৃত্যু

নীলফামারী জেলার ডিমলা, জলঢাকা এবং কিশোরগঞ্জ থানায় গত শনিবার রাতে শিলাবৃষ্টিতে বিভিন্ন ফসল ও ঘর-বাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। কিশোরগঞ্জের নিতাই গ্রামে বজ্রপাতে দুলাল হোসেন (৩৫) নামে এক কৃষক মারা গেছে।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2005, 02:45 PM

Updated : 26 Apr 2022, 05:28 PM

শনিবার রাত ১১টার সময় শিলাবৃষ্টি শুরু হয় এবং তা ২০ মিনিট স্থায়ী হয়। এ সময় প্রায় দেড় থেকে দুই কেজি ওজনের শিলা পড়তে থাকে এবং মানুষ আতংকিত হয়ে পড়ে।

শিলাবৃষ্টির ফলে প্রায় ৪ হাজার হেক্টর জমির গম, রসুন, পেঁয়াজ, তামাকসহ বিভিন্ন সবজি নষ্ট হয়। ভারী শিলার আঘাতে কমপক্ষে ২ হাজার ঘরের ছাউনির টিন নষ্ট হয়ে গেছে বলে এলাকাবাসী জানিয়েছে।

এছাড়া শিলাবৃষ্টির আঘাতে কমপক্ষে ৩৫ জন আহত হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।