২ লাখ টাকা মূল্যের জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন উদ্ধার, গ্রেফতার ২
শহরের পান বাজার সড়ক এলাকা থেকে পুলিশ শুক্রবার রাতে ২ লাখ টাকা মূল্যের জন্ম নিয়ন্ত্রণ ইনজেকশন উদ্ধার করেছে। খোলা বাজারে বিক্রি নিষিদ্ধ এসব ইনজেকশন উদ্ধারকালে দুই ব্যক্তিকে গ্রেফতারও করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হল মোহাম্মদ ইদ্রিছ (৩০) ও মোহাম্মদ আলম (৩২)। দু’জনই সীমান্ত উপজেলা টেকনাফের সাবরাং ইউনিয়নের বাসিন্দা। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শহরের প্রধান সড়কের পান বাজার এলাকায় অভিযান চালিয়ে এসব ইনজেকশন উদ্ধার করে।
জানা গেছে, জন্ম নিয়ন্ত্রণ ইনজেকশন ‘ডেপো’ সরকার নিয়ন্ত্রিত ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসেনশিয়াল ড্রাগস কর্তৃক প্রস্তুতকৃত এবং এগুলো বিনামূল্যে সরকারি হাসপাতালে সরবরাহ করা হয়।
এ ব্যাপারে কক্সবাজার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
