প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর বিরুদ্ধে মামলা করবে আ’লীগ: ওয়ার্কিং কমিটিতে সিদ্ধান্ত
বহির্বিশ্বে বাংলাদেশকে বন্ধুহীন করে দাতাদের এদেশে উন্নয়ন সহযোগিতা বন্ধের ষড়যন্ত্রের অভিযোগে প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও অর্থমন্ত্রী এম. সাইফুর রহমানের বিরুদ্ধে আওয়ামী লীগ মামলা দায়ের করবে।
শুক্রবার আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের (ওয়ার্কিং কমিটি) জরুরি সভায় এ সব সিদ্ধান্ত নেওয়া হয় বলে দলের সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি জানিয়েছেন। আওয়ামী লীগ সভানেত্রীর ধানমণ্ডির কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন দলের প্রেসিডিয়াম সদস্য জিল্লুর রহমান এমপি।
সভা শেষে এক প্রেস ব্রিফিংয়ে আব্দুল জলিল জানান, কমিটির সভায় সিদ্ধান্ত হয়, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার স্বার্থে সমমনা রাজনৈতিক দল ও পেশাজীবীসহ সমাজের সর্বস্তরের মানুষের মতামতের ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার এবং নির্বাচন ব্যবস্থা সংস্কারের একটি সমন্বিত প্রস্তাবনা উপস্থাপন করে জনমত গঠন করবে।
আব্দুল জলিল বলেন, প্রধানমন্ত্রী ও তার অর্থমন্ত্রী উপলদ্ধি করতে পেরেছেন যে, ওদের দিন শেষ হয়ে গেছে। তাই ওরা দেশকে সমস্যা সংকুল অবস্থায় ফেলে রেখে যেতে চায়। উন্নয়ন সহযোগী ও দাতারা যেনো চলে যায়, সেজন্য ওরা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। বাংলাদেশকে বন্ধুহীন রাষ্ট্রে পরিনত করতে চায় ওরা।
তিনি বলেন, এ ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা আইনগত পদক্ষেপ নেবো। প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর বিরুদ্ধে মামলা করা হবে।
তিনি আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংস্কার বিষয়ে আমরা ইতোমধ্যে সমমনা রাজনৈতিক দল ও পেশাজীবী প্রতিনিধিদের সঙ্গে গোলটেবিল বৈঠকের মাধ্যমে আলোচনা করেছি। তবে এটি আমাদের চূড়ান্ত প্রস্তাবনা নয়।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দেশ পরিচালনায় সর্বক্ষেত্রে ব্যর্থ বিএনপি-জামাত জোটকে আন্দোলনের মাধ্যমে পদত্যাগে বাধ্য করে আমাদের প্রস্তাবনা অনুযায়ী নির্বাচন আদায় করা হবে।
তিনি জানান, চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে সরকারি দল যেনো প্রভাব খাটিয়ে ভোটাধিকার কেড়ে নিতে না পারে সেজন্য ওয়ার্কিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আওয়ামী লীগ কেন্দ্রীয় একটি সাব-কমিটির মাধ্যমে ওই নির্বাচন পর্যবেক্ষণ করবে। এ কমিটিতে থাকছেন আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত, ড. মহিউদ্দিন খান আলমগীর, ওবায়দুল কাদের ও আব্দুল মান্নান খান।
আব্দুল জলিল বলেন, মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর জনপ্রিয়তার বিরুদ্ধে সরকার নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আসন দখল করে বিএনপি-জামাত জোট গণতন্ত্র হত্যার আরেকটি সুযোগ যেনো না পায় সেজন্য চট্টগ্রাম মহানগরবাসীসহ দেশের সকল মানুষকে সচেতন থাকার পরামর্শ দেন তিনি।
হবিগঞ্জ উপ নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কিছুটা এড়িয়ে গিয়ে বলেন, আমরা এখন সরকার পতনের আন্দোলন করছি। তবে দলীয় প্রধানের সঙ্গে কথা বলে শিগগিরই এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।
আওয়ামী লীগের এমপি সাবেক অর্থমন্ত্রী শাহ্ এএমএস কিবরিয়ার মৃত্যুতে এ আসনটি খালি হয়।
সভায় দেশের সার্বিক রাজনৈতিক ও সামাজিক বিষয় নিয়ে আলোচনা হয়। সভার এক প্রস্তাবে বলা হয়, বর্তমানে এসএসসি পরীক্ষা চলার সময় বিদ্যুতের অভাবে পরীক্ষার্থীরা পড়াশুনা করতে পারছে না। তেল, সার, কীটনাশকের অভাবে কৃষকরা আজ দিশেহারা। দ্রব্যমূল্য বৃদ্ধিতে মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। অথচ সরকার নির্বিকার।
