সাংবাদিকদের জন্য আবাসিক এলাকা গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার
প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকায় সাংবাদিকদের পৃথক আবাসিক এলাকা গড়ে তোলার জন্য সরকার জমি বরাদ্দের সিদ্ধান্ত নিয়েছে।
এছাড়াও সরকারিভাবে বর্তমানে যেসব প্লট বরাদ্দ দেয়া হচ্ছে সেখানে সাংবাদিক, লেখক, খেলোয়াড় এবং শিল্পীদের জন্য কোটার ব্যবস্থা রাখা হয়েছে। খবর তথ্য বিবরণী’র।
গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আলমগীর কবির বৃহস্পতিবার মন্ত্রণালয়ের সভাকক্ষে ঢাকায় সাংবাদিক হাউজিং এর জন্য জমি বরাদ্দ সংক্রান্ত এক সভায় সভাপতির বক্তৃতায় একথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার সাংবাদিকদের জন্য আবাসন সুবিধা নিশ্চিত করতে আন্তরিক।
সভায় প্রতিমন্ত্রী দ্রুত নকশা তৈরিসহ জমি বরাদ্দের বিষয়ে সকল জটিলতা নিরসনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন। প্রকৃত সাংবাদিকরা যাতে প্লট বরাদ্দ পায় সেদিকে নজর দেয়ার জন্য তিনি সাংবাদিক নেতৃবৃন্দকে পরামর্শ দেন।
সভায় মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ইকবাল উদ্দিন চৌধুরী, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোঃ গোলাম নবী, যুগ্ম সচিব বিজন কান্তি সরকার এবং সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
ঢাকা সাংবাদিক সমবায় সমিতি লিমিটেডের সাধারণ স¤পাদক এম এ আজিজ সভায় ছয় সদস্যের সাংবাদিক প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।
