সিদ্ধিরগঞ্জে হত্যা মামলার আসামী নাসির অস্ত্রসহ গ্রেফতার
র্যাব মঙ্গলবার জেলার সিদ্ধিরগঞ্জের যুবলীগ নেতা খোকন হত্যা মামলার প্রধান আসামী ও আদমজীর শীর্ষ সন্ত্রাসী নাসিরকে (৩০) দুটি বিদেশী অস্ত্রসহ গ্রেফতার করে।
র্যাব ও পুলিশ সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জ উপজেলার আইলপাড়া এলাকার র্যাব-৩ এর সদস্যরা নাসিরকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে এবং স্বীকারোক্তি অনুযায়ী বাড়ির পাশে লুকিয়ে রাখা একটি জাপানী রিভলবার, ইতালীর তৈরি একটি পিস্তল এবং বন্দুকের সাত রাউণ্ড ও রিভলবারের দুই রাউণ্ড গুলি উদ্ধার করে।
মঙ্গলবার সন্ধ্যায় তাকে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত নাসির একজন তালিকাভূক্ত সন্ত্রাসী। গত বছর ২২ সেপ্টেম্বর আইলপাড়া এলাকায় দাবিকৃত চাঁদা না পেয়ে সিদ্ধিরগঞ্জ যুবলীগ নেতা খোকনকে নাসির ও তার সহযোগিরা গুলি করে হত্যা করে।
