জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানিয়েছে বিরোধী দলীয় ছাত্র জোট
বিরোধী দল সমর্থিত ছয় ছাত্র সংগঠনের জোট মঙ্গলবার জামাত শিবিররের রাজনীতি নিষিদ্ধ ঘোষণার দাবি জানিয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় আয়োজিত এক সমাবেশে আওয়ামী লীগ সমর্থিত বাংলাদেশ ছাত্রলীগ এবং পাঁচটি বাম ছাত্র সংগঠনের সমন্ব^য়ে গঠিত সন্ত্রাস ও সম্প্রদায়িকতা বিরোধী ছাত্র জোট এই দাবি জানায়।
সমাবেশে বক্তারা বলেন, জামাত এবং তার ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলোতে শিক্ষার পরিবেশ বিনষ্ট করছে। এটি মেনে নেয়া যায় না।
বক্তারা আরও বলেন জামাত ধর্মীয় রাজনীতির মাধ্যমে ধর্ম নিরপেক্ষ বাংলাদেশকে মৌলবাদের দেশে পরিণত করতে চায়।
সমাবেশের আগে জোটের নেতা-কর্মীরা জামাত-শিবিরের বিরুদ্ধে শ্লোগানসহ মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে।
বাংলাদেশ ছাত্রলীগ সভাপতি লিয়াকত শিকদার, সহ সভাপতি বলরাম পোদ্দার, ছাত্রলীগ(জাসদ) সভাপতি সাইফুর রহমান স্বপন এবং অন্যান্য জোট নেতা এই সমাবেশে অংশগ্রহণ করেন।
