স্ত্রী বেঁচে থাকলেও খুনের দায়ে সাজা ভোগ করছেন স্বামী
স্ত্রী বেঁচে থাকলেও তাকে হত্যা ও গুমের দায়ে ৪৭ বছরের সাজা খাটছেন স্বামী আব্দুল করিম। এই দীর্ঘ মেয়াদি সশ্রম কারাদন্ড মাথায় নিয়ে তিনি যখন যশোর কেন্দ্রীয় কারাগারে একেকটি দু:সহ দিন পার করছেন, তখন তার কথিত মৃত স্ত্রী নার্গিস ওরফে রাবেয়া দিব্যি ঘুরে বেড়াচ্ছেন।
আব্দুল করিম ২০০৪ এর ৮ আগস্ট থেকে কারাগারে রয়েছেন। যশোর জেলা প্রশাসক সম্প্রতি কারাগার পরিদর্শনে গেলে বিষয়টি জানাজানি হয়।
কারাগার সূত্রে জানা গেছে, গত প্রায় বছর দশেক আগে জেলার মনিরামপুর উপজেলার দিঘীর পাড় গ্রামের করিমের সাথে একই এলাকার নেসার উদ্দিনের মেয়ে নার্গিসের বিয়ে হয়। বিয়ের একবছরের মধ্যে তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে। পরবর্তীতে নার্গিস কেশবপুরের জনৈক আতিয়ারকে বিয়ে করে। এই ঘরে তিন চার মাস কাটানোর পর সে আবারও করিমের কাছে ফিরে আসে।
নার্গিস ও করিম আবার বিয়ে করে সংসার করতে থাকে। এক পর্যায়ে করিম তাকে ঠিকমত খাওয়া-পরা দেয় না, এ অভিযোগে সে আবারও ঘর ছাড়ে।
এরপর নার্গিসের পিতা যশোরের নারী ও শিশু নির্যাতন বিশেষ ট্রাইবুনালে করিমের নামে হত্যা ও গুমের অভিযোগ এনে একটি মামলা করেন।
মামলার রায়ে আদালত করিমকে পৃথক দুটি ধারায় যথাক্রমে ৩০ বছর সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও পাঁচ বছর কারাদণ্ড এবং আরও দশ বছরের সশ্রম কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুবছরের কারাদণ্ড (মোট ৪৭ বছরের কারাদণ্ড) প্রদান করে।
