২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৪০০০ হাজার কোটি টাকার কৃষি ঋণ বিতরণ করা হবে: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী এমকে আনোয়ার বলেছেন, চলতি অর্থ বছরে দেশের কৃষকদের মাঝে মাত্র ৮ শতাংশ হার সুদে প্রায় চার হাজার কোটি টাকার কৃষি ঋণ বিতরণ করা হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2005, 08:35 PM

Updated : 26 Apr 2022, 05:26 PM

গাইবান্ধা থেকে নির্বাচিত সংসদ সদস্য আব্দুল মোত্তালিব আকন্দের একটি দৃষ্টি আকর্ষণী নোটিশের জবাবে মন্ত্রী একথা জানান।

তিনি বলেন, গত অর্থ বছরে বন্যা পরবর্তী পুনর্বাসনের জন্য সরকার ২০০ কোটি টাকার কৃষি ঋণ বিতরণ করেছে। একই সাথে সরকার পূর্ববর্তী কৃষি ঋণ মওকুফ করেছে।

নোটিশে সরকারিভাবে চাল ও গম কিনে গুদামে রাখার বিষয় উল্লেখ করে কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে আলু গুদামজাত করার আহ্বান জানানো হয়।

জবাবে মন্ত্রী জানান, এখন দেশে প্রায় ৩২টি হিমাগারে ধারণ ক্ষমতা রয়েছে প্রায় ৩৮ লাখ মেট্রিক টন। এর মধ্যে বিএডিসি’র মাত্র ১৩টি হিমাগার রয়েছে। এগুলোতে শুধুমাত্র আলু বীজ সংরক্ষণ করা হয়ে থাকে এবং এগুলোর ধারণ ক্ষমতা মাত্র ১১ হাজার মেট্রিক টন।

তিনি আরও জানান, এ অবস্থায় কৃষি উন্নয়ন কর্পোরেশনের আলু কিনে সংরক্ষণের কোন সুযোগ নেই।