বোমা পাতার উড়ো খবরে কুয়েত ফ্লাইট তিন ঘন্টা বিলম্বিত
কুয়েত এয়ারওয়েজের উড়োজাহাজে বোমা পাতা রয়েছে এই উড়ো খবরে রোববার সকালে ফ্লাইটটি তিন ঘন্টা বিলম্বিত হয়। ব্যাপক তল্লাশীর পরে সকাল সাড়ে ৯টার দিকে ফ্লাইটটি কুয়েতের উদ্দেশে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।
ফ্লাইটটি সকাল সাড়ে ৬ টায় জিয়া ছেড়ে যাওয়ার কথা ছিল।
সিভিল এভিয়েশনের একজন নিরাপত্তা কর্মকর্তা বিডিনিউজকে জানান, যাত্রীরা ফ্লাইটে ওঠার আগেই রোববার ভোররাতে জিয়া বিমানবন্দরে একটি উড়ো টেলিফোন আসে। অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি ফোনে জানায় কুয়েত ফ্লাইটে শক্তিশালী বোমা পাতা রয়েছে।
তিনি জানান, এই খবরে যাত্রা স্থগিত করে নিরাপত্তা কর্মীরা পুরো ফ্লাইটটিতে ব্যাপক তল্লাশী চালায়। কিন্তু শেষ পর্যন্ত আপত্তিকর কিছু পাওয়া যায়নি। তিন ঘণ্টা বিলম্বে সকাল সাড়ে ৯টার দিকে ফ্লাইটটি জিয়া বিমানবন্দর ছেড়ে যায়।
বোমা পাতার খবরে যাত্রীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। পরে অবশ্য তারা হাঁফ ছেড়ে বাঁচেন।
