অনন্যা শীর্ষ দশ পদক পেলেন ১০ জন আলোকিত নারী
বছরের আলোচিত নারী ‘অনন্যা শীর্ষ দশ ২০০৪’এর মাধ্যমে স্কুল পড়–য়া শ্যুটার শারমীন আক্তারের মতো নবীনকে যেমন সম্মাননা দেওয়া হয়েছে, তেমনি বর্ষিয়ান সমাজসেবী ফজিলাতুন নেসাকেও সম্মাননা প্রদান করা হয়।
নিজ নিজ ক্ষেত্রে উজ্জল প্রতিভার অধিকারী বাংলাদেশের ১০ জন নবীন ও প্রবীনকে এ পুরস্কার দেওয়া হয়।
পাক্ষিক অনন্যা’র উদ্যোগে শনিবার জাতীয় জাদুঘরের বেগম সুফিয়া কামাল মিলনায়তনে এই পদক প্রদানের আয়োজন করা হয়।
এ বছর যারা সম্মাননা পেলেন, তারা হচ্ছেন, ফজিলাতুন নেসা (সমাজ সেবা), সিদ্দিকা কবীর (রন্ধন ও পুষ্টিবিদ), মনোয়ারা হাকিম আলী (শিল্প উদ্যোক্তা), শারমীন আক্তার (শ্যুটার), আলেয়া ফেরদৌসি (ক্রীড়া সংগঠক), হাসনা জসীম উদ্দীন মওদুদ (পরিবেশ), মার্জিয়া ইসলাম (সমর), সাদিয়া সুলতানা শম্পা (পর্বতারোহণ), মেরিনা তাবাশ্যুম (স্থপতি) এবং রওশন আরা রোকসানা সরকার (প্রামান্য চিত্র)।
পুরষ্কার প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অনন্যা’র সম্পাদিকা তাসমিমা হোসেন। প্রধান অতিথি ছিলেন আব্দুল্লাহ আবু সাইয়ীদ। বিশেষ অতিথি ছিলেন নারী নেত্রী সুলতানা কামাল।
সদ্য পদকপ্রাপ্ত ফজিলাতুন নেসা তারা প্রতিক্রিয়ায় বলেন, বিশ্বের অস্থিরতার সঙ্গে পাল্লা দিয়ে বাংলাদেশেও অস্থিরতা বিদ্যমান। তাই আমাদের সন্তানরা যেনো এ অস্থির পরিবেশেও ঠিকমত বেড়ে ওঠতে পারে, সে ব্যাপারে আমাদেরকে সচেতন হতে হবে।
সিদ্দিকা কবীর বলেন, কোনো পুরষ্কার পাওয়া মানেই সম্মানের ব্যাপার। তাই এ সম্মাননা কাজের ক্ষেত্রকে আরও প্রসারিত করবে।
কিশোরী শ্যুটার শারমীন আক্তার বলে, দেশের জন্য আরও বড় কিছু বয়ে আনার জন্য আমি সবার কাছে দোয়া চাই।
প্রধান অতিথি আব্দুল্লাহ আবু সাইয়ীদ বলেন, এ দেশে নারীরা তাদের ক্ষেত্রে যোগ্যতার স্বাক্ষর রেখেছে। তাদেরকে আরও উৎসাহ প্রদানের জন্য এ পুরস্কার প্রদান একটি অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে তিনি মনে করেন। এখন নারীরা সামনের দিকে এগিয়ে যাচ্ছে, এই পুরস্কার তারই প্রমান।
