ইলেকট্রনিক ট্রাফিক সিগন্যালের অব্যস্থাপনায় যোগাযোগ মন্ত্রীর অসন্তোষ প্রকাশ
রাজধানীর ইলেকট্রনিক ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা সঠিক এবং কার্যকর ভাবে ব্যবহৃত না হওয়ায় যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা গভীর অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেছেন।
যোগাযোগ মন্ত্রনালযের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত শনিবার জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের এক বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।
মন্ত্রী বলেন, নগরীতে সুষ্ঠু যানবাহন চলাচল, যানজট নিরসন এবং সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে বিশ্ব ব্যাংকের সহায়তায় ইলেকট্রনিক ট্রাফিক সিগন্যাল নেটওয়ার্ক ব্যবস্থা প্রবর্তন করা হলেও এই ব্যবস্থা বর্তমানে অকার্যকর হয়ে পড়েছে।
বৈঠকে ভুয়া রেজিষ্ট্রেশন ও রূট পারমিটধারী সিএনজি থ্রি হুইলার আটক, যানজট নিরসন, মহাসড়কে ডাকাতি এবং গণসচেতনতা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় বিআরটিএ চেয়ারম্যান ফারুক আহমেদ, সওজ’র প্রধান প্রকৌশলী মোহাম্মদ ফায়েজুর রহমান, জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের সদস্যগণ এবং সংশ্লিষ্ট সংস্থার উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।
